Cristiano Ronaldo

ফুটবল থেকে কবে অবসর নেবেন রোনাল্ডো? উত্তর দিয়ে দিলেন তাঁর বান্ধবীই

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনার কোনও শেষ নেই। সম্প্রতি একটি ভিডিয়োয় সেই ইঙ্গিত দিয়েছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস। কী বলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ২১:০৮
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

বয়স চল্লিশের কোঠা ছুঁয়েছে। এখনও খেলে চলেছেন তিনি। প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে খেলার পর এখন তিনি সৌদি আরবের আল নাসেরে। এ হেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনার কোনও শেষ নেই। সম্প্রতি একটি ভিডিয়োয় সেই ইঙ্গিত দিয়েছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস। তাঁর মতে, রোনাল্ডোর ফুটবলজীবন আর বেশি দিন নেই।

Advertisement

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানে তিনি রোনাল্ডোর নাম লেখা একটি লাল রংয়ের পোশাক পরে চমকে দিয়েছেন। তার পরেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে জর্জিনা বলেছেন, “ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তার পর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।”

গত বছর রোনাল্ডো জানিয়েছিলেন, ২০২৬-এর বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে চান। গত বারের বিশ্বকাপে তাঁর দেশ পর্তুগাল প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। লিয়োনেল মেসি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেও রোনাল্ডোর পক্ষে এখনও তা সম্ভব হয়নি। সেই অধরা লক্ষ্য পূরণে শেষ এক বার চেষ্টা করতে চান বলে শোনা গিয়েছিল। তবে জর্জিনার কথা সত্যি হলে, বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন রোনাল্ডো।

সম্প্রতি রোনাল্ডো নিজের কাজের জন্য শিরোনামে এসেছিলেন। গত রবিবার আল শবাবের ঘরের মাঠে খেলা ছিল আল নাসেরের। ৩-২ গোলে শবাবকে হারায় রোনাল্ডোর নাসের। প্রথম গোল তিনিই করেন। কিন্তু একটা সময় পর্যন্ত দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। শেষ দিকে ব্রাজিলের টালিস্কার গোলে জেতে নাসের।

ম্যাচ চলাকালীন রোনাল্ডোর পায়ে বল গেলেই মেসির নাম নিয়ে চিৎকার করছিলেন শবাব সমর্থকেরা। এই দৃশ্য সৌদি প্রো লিগে এর আগেও দেখা গিয়েছে। দলের তৃতীয় গোলের পরেও মেসির নামে চিৎকার থামেনি। তখনই দেখা যায়, প্রতিপক্ষ সমর্থকদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছেন রোনাল্ডো। এর পরেই সৌদি ফুটবল সংস্থাকে রোনাল্ডো এক ম্যাচ নির্বাসিত করে। জরিমানাও করা হয়েছে পর্তুগিজ তারকাকে।

Advertisement
আরও পড়ুন