হ্যারি কেন। ছবি: রয়টার্স।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বিপাকে ইংল্যান্ড। হ্যারি কেনদের অনুশীলনের বেশ কিছু সরঞ্জাম খোয়া গিয়েছে। এর ফলে ব্যাহত হয়েছে ক্রোয়েশিয়া ম্যাচের প্রস্তুতি।
আমেরিকার কানসাস সিটিতে বিশ্বকাপের ঘাঁটি করেছে ইংল্যান্ড। সেখানেই অনুশীলন করছেন ইংল্যান্ডের ফুটবলারেরা। কানসাস সিটি থেকে যাতায়াত করে ম্যাচ খেলবেন তাঁরা। প্রথম ম্যাচের আগে সেখানে পৌঁছোনোর কথা ছিল অনুশীলনের কিছু সামগ্রী। তার মধ্যে কিছু জিনিস রাস্তায় চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। ফুটবল অ্যাসোসিয়েশন (এফে) জানিয়েছে, মিসৌরির সয়োপ সকার ভিলেজে যাওয়ার পথে গাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরি গিয়েছে অনুশীলনের বল, ফুটবলারদের বুট-সব বেশ কিছু জিনিস। ক্ষতির পরিমাণ ঠিক কত, তা জানায়নি এফএ।
প্রতিযোগিতা শুরুর আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড। সেখান থেকেই সরঞ্জামগুলি পাঠানো হয়েছিল কানসাস সিটির ঘাঁটিতে। দল পৌঁছোনোর আগেই সব সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই পরিস্থিতিতে এফএ কর্তারা সময় নষ্ট করতে চাননি। নতুন করে সব ব্যবস্থা করা হয়েছে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেন এবং জুড বেলিংহ্যামের জুতো পাওয়া যায়নি। নতুন জুতোর সঙ্গে তাঁদের এখন মানিয়ে নিতে হচ্ছে। অনুশীলনের বেশ কিছু বল, ম্যাসাজ টেবিল, হোটাইট বোর্ড, বিশ্লেষণ সামগ্রী এবং প্রয়োজনী জিনিস পাওয়া যায়নি। এর ফলে প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায় পড়ে ইংল্যান্ড শিবির। এই ঘটনায় হতাশ ইংল্যান্ড কোচ টমাস টুখেল।