FIFA World Cup 2026

বিশ্বকাপের আকর্ষণ সেই মেসিই! হোটেল ও অনুশীলনের মাঠে বাড়ছে ভিড়, যদিও ভক্তদের উৎকণ্ঠায় রাখছেন লিয়ো

এ বারের বিশ্বকাপে স্পোর্টিং কানসাস সিটির মাঠকে নিজেদের বেস বানিয়েছে আর্জেন্টিনা। সেখানেই অনুশীলন করছেন লিয়োনেল মেসিরা। তাঁকে দেখতে ভিড় জমছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৫:১৪
football

অনুশীলনে লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ শুরু হতে এখনও সাত দিন বাকি। তার মধ্যেই আমেরিকায় মূল আকর্ষণ লিয়োনেল মেসি। তিনি কী করছেন, সে দিকেই নজর সকলের। এ বারের বিশ্বকাপে স্পোর্টিং কানসাস সিটির মাঠকে নিজেদের বেস বানিয়েছে আর্জেন্টিনা। সেখানেই অনুশীলন করছেন মেসিরা। তাঁকে দেখতে ভিড় জমছে। ভিড় তাঁদের হোটেলের বাইরেও।

Advertisement

কানসাস সিটির একটি হোটেলে রয়েছে আর্জেন্টিনা। সেখান থেকে কাছেই মেজর লিগ সকারের ক্লাব স্পোর্টিং কানসাস সিটির মাঠ। ফলে অনুশীলনে যেতে সুবিধা হচ্ছে মেসিদের। বুধবারই প্রথম সংবাদমাধ্যম ও দর্শকদের জন্য মেসিদের অনুশীলন দেখার ব্যবস্থা ছিল। তখনই বোঝা গিয়েছে, আকর্ষণ সেই মেসিকে ঘিরেই।

রবিবার চার্টার্ড বিমানে চেপে আমেরিকায় গিয়েছেন আর্জেন্টিনার ফুটবলারেরা। বিমানের নম্বর ১৯৭৮। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের কথা মনে করাতে এই নম্বরের বিমান ধরে গিয়েছেন তাঁরা। বিমানের নীচের দিকে মেসির ১০ নম্বর জার্সিও আঁকা রয়েছে। যদিও মেসি নিজে সেই বিমানে যাননি। তিনি অন্য একটি চার্টার্ড বিমানে চেপে ফ্লরিডা থেকে কানসাস সিটিতে পৌঁছেছেন।

মেসিরা হোটেলে পৌঁছোনোর আগেই হোটেলের বাইরে ভিড় জমেছিল। দল পৌঁছোনোর পর তা আরও বেড়েছে। সারাদিন ভক্তেরা অপেক্ষা করছেন। কানসাস সিটির আবহাওয়ার জন্য সেখানে বেস করার পরিকল্পনা করেছিল বেশ কয়েকটি দেশ। আর্জেন্টিনার পাশাপাশি ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও আলজেরিয়া আবেদন করেছিল। কিন্তু আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন হওয়ায় তাদের আগে গুরুত্ব দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে ইংল্যান্ড সেখানে পৌঁছোবে। তারা স্পোর্টিং কানসাস সিটির পুরনো মাঠে অনুশীলন করবে। নেদারল্যান্ডস অনুশীলন করবে কানসাস সিটি কারেন্টের মাঠে। আলজেরিয়া কানসাস বিশ্ববিদ্যালয়ে অনুশীলন করবে। গরম ও আদ্রতা থেকে বাঁচতে বিকেল ও সন্ধ্যায় অনুশীলন করছে আর্জেন্টিনা। সেখানকার অ্যারোহেড স্টেডিয়ামেই আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের গ্রুপের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই মাঠে গ্রুপ পর্বে চার ও নক আউটে দু’টি ম্যাচ হবে। সবগুলিই হবে রাতে।

মেসিকে নিয়ে এই উন্মাদনার মাঝেই উৎকণ্ঠাও রয়েছে ভক্তদের। মেসি এখনও পুরো সুস্থ নন। তাঁর পেশির চোট রয়েছে। হ্যামস্ট্রিংয়েও সমস্যা রয়েছে। ফলে এখন দলের বাকিদের সঙ্গে অনুশীলন করছেন না মেসি। মাঠের এক দিকে আলাদা করে অনুশীলন করছেন। মেসির চোট নিয়ে অবশ্য আর্জেন্টিনা দল কিছু জানায়নি। অনুশীলন দেখার অনুমতি থাকলেও সংবাদমাধ্যমকে কারও সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। যদিও মাঠের বাইরে দর্শকদের ভিড় বুঝিয়ে দিয়েছে, লিয়োর খেলা দেখতে মুখিয়ে সকলে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দু’টি ম্যাচে মেসি খেলবেন না। আপাতত তিনি কানসাস সিটিতেই থাকবেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে আরও ১৩ দিন হাতে পাবেন তিনি। তার মধ্যে মেসি পুরো সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী কোচ লিয়োনেল স্কালোনি।

Advertisement
আরও পড়ুন