FIFA World Cup 2026

বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছে গেল ইরান, তিজুয়ানার শিবিরে থেকে আমেরিকায় যাতায়াত করবেন ফুটবলারেরা

বেশ কিছু দিন আপেক্ষার পর গত শনিবার আমেরিকার ভিসা পেয়েছেন ইরানের ফুটবলারেরা। প্রথম ম্যাচের ১০ দিন আগে। তার পর চূড়ান্ত শিবিরের জন্য মেক্সিকোয় গেলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:৫৯
picture of football

ইরানের ফুটবল দল। —ফাইল চিত্র।

যাবতীয় জল্পনার শেষে বিশ্বকাপ খেলতে পৌঁছে গেল ইরান। তবে আমেরিকায় নয়, অন্যতম আয়োজক দেশ মেক্সিকোয় পৌঁছেছেন ইরানের ফুটবলার, কোচ, কর্তারা। সেখানেই ইরানের চূড়ান্ত শিবিরের ব্যবস্থা করা হয়েছে। যদিও গ্রুপ পর্বের সব ম্যাচই ইরানকে খেলতে হবে আমেরিকায়।

Advertisement

গত শনিবার বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে আমেরিকার ভিসা পেয়েছে ইরান। নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে। মেক্সিকোর সময় অনুযায়ী রবিবার ভোর ৫টায় ইরানের বিমান পৌঁছোয় তিজুয়ানায়। ১৬ জুন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেসে। ২২ জুন ক্যালিফোর্নিয়ায় বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইরানের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে কানাডায় খেলতে যেতে হবে।

মেক্সিকোর তিজুয়ানা থেকেই যাতায়াত করবে ইরানের বিশ্বকাপ দল। নিরাপত্তার স্বার্থে আমেরিকায় রাতে থাকবে না ইরানের ফুটবলারেরা। ম্যাচের দিন সকালে তাঁরা আমেরিকায় যাবেন এবং খেলা শেষ হওয়ার পর আবার মেক্সিকোয় ফিরে যাবেন।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ সামরিক হামলা চালায় ইরানে। পাল্টা জবাব দেয় ইরানও। তাতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে সংঘর্ষ বিরতি চললেও দু’পক্ষের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এর ফলেই আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

Advertisement
আরও পড়ুন