FIFA World Cup 2026

সরকারের বিরোধিতা করায় বিশ্বকাপের দল থেকে বাদ? বিতর্ক পিছু ছাড়ছেই না ইরানের

বিশ্বকাপের আগে ইরান ফুটবল দলকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হল সে দেশের অন্দরে। সরকারের বিরোধিতা করায় সে দেশের তারকা ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৭:৫০
football

ইরানের ফুটবলার সর্দার আজ়মুন। — ফাইল চিত্র।

ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ এবং প্রস্তুতি এত দিন বিতর্ক চলছিল। এ বার ইরান ফুটবল দলকে নিয়েই নতুন বিতর্ক তৈরি হল সে দেশের অন্দরে। সরকারের বিরোধিতা করায় সে দেশের তারকা ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আসরে নামতে হয়েছে সে দেশের রাজনীতিবিদকে।

Advertisement

বাদ পড়া ওই ফুটবলারের নাম সর্দার আজ়মুন। তাঁকে ৩০ জনের প্রাথমিক দলে রাখেননি কোচ আমির ঘালেনোই। দেশের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা আজ়মুন। ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। অতীতে বায়ার লেভারকুসেন, রোমা এবং জ়েনিত সেন্ট পিটার্সবার্গের মতো প্রথম সারির ক্লাবে খেলেছেন। তাঁকে বাদ দেওয়ায় ইরানের দল নির্বাচনে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ডের এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, রাজনীতিবিদ আব্দোলকরিম হোসেনজ়াদেহ প্রকাশ্যে কোচকে অনুরোধ করেছেন যাতে আজ়মুনকে দলে ফেরানোর ব্যাপারে ভাবনাচিন্তা করা হয়। একে জাতীয় সংহতির বিষয় বলেও বর্ণনা করেছেন তিনি। যদিও কোচের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

২০২৫-এর জুন থেকে ইরানের হয়ে খেলেননি আজ়মুন। অতীতে সে দেশের সরকারের বিরুদ্ধে একাধিক বার মুখ খুলেছেন তিনি। ২০২২-এ মাহসা আমিনির মৃত্যুর পর মহিলা প্রতিবাদীদের সপক্ষে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন আজ়মুন। জানিয়েছিলেন, তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু দেশের মেয়েদের স্বার্থে সেটা তিনি মেনে নিতে রাজি। সম্প্রতি দুবাইয়ের শাসক মহম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে আজ়মুনকে। সেটি ভাল ভাবে নিচ্ছে না ইরান সরকার।

Advertisement
আরও পড়ুন