ইরানের ফুটবল দল এবং ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা কটাক্ষে জবাব দিল পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষে বলা হয়েছে, কেউ তাদের বিশ্বকাপের বাইরে বের করতে পারবে না। আমেরিকাকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলারেরা।
প্রায় দু’সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। পাল্টা জবাব দিয়ে চলেছে ইরানও। এর মধ্যেই বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যমে লেখেন, ‘‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’’ উল্লেখ্য, এ বারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা।
ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়েছে ইরানও। ফুটবল দলের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’’ উল্লেখ্য, এশিয়ার অন্যতম সেরা দল হিসাবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলি তাদের খেলার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে।
যুদ্ধ পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার আকাশ পথ বন্ধ। এ কারণে গত সপ্তাহে ইরানের প্রতিনিধি আটলান্টায় বিশ্বকাপের পরিকল্পনা বৈঠকে যোগ দিতে পারেননি। তার পর কয়েক দিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের ইরানের অংশগ্রহণ অনিশ্চিত।’’
ফিফা অবশ্য যোগ্যতা অর্জন করা সব দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধের আঁচ ফুটবলের উপর পড়তে দিতে চায় না ফিফা। গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করেন আমেরিকার প্রেসিডেন্টকে।