কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।
তাঁর জোড়া গোলে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে নজিরও গড়েছেন তিনি। ম্যাচের পর কিলিয়ান এমবাপে জানিয়ে দিলেন, এ বারও বিশ্বকাপটাই তাঁর লক্ষ্য। লিয়োনেল মেসি ক’টি গোল করছেন সে দিকে তিনি নজর দিতে চান না।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (১৯) পরেই রয়েছেন এমবাপে (১৮)। সেই প্রসঙ্গ তুলতেই এমবাপে বলেন, “গোলটা করেছি, কারণ ১৯ জুলাই ফাইনাল খেলতে এখানে (নিউ জার্সি) আসতে চাই। আমরা সব ম্যাচে জেতার চেষ্টা করছি। এক ধাপ করে এগোনোর চেষ্টা করছি। যত বেশি গোল করবেন তত বেশি র্যাঙ্কিংয়ে উপরে উঠবেন। কাউকে নতুন কিছু শেখাতে আসিনি।”
এমবাপে আরও বলেন, “আমি জানি লিয়ো আরও অনেক গোল করবে। সেটার দিকে নজর দিতে চাই না। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে ভবিষ্যতে আমাদের খেলতে হতে পারে। ফাইনালের দিকে কতটা এগিয়েছি, সেটা নিয়ে ভাবতে চাই।”
প্রি-কোয়ার্টারে প্যারাগুয়ের সঙ্গে খেলতে হবে ফ্রান্সকে। তারা জার্মানির মতো দলকে ছিটকে দিয়ে খেলতে নামবে। এমবাপে তা নিয়েও ভাবতে রাজি নন। বলেন, “আপাতত মাঝের এই সময়টায় পরিশ্রম করতে হবে। দেখতে হবে, প্যারাগুয়ে ম্যাচে কতটা উন্নতি করতে পারি। এখনও অনেক জায়গায় খামতি থেকে গিয়েছে। সেগুলো ঠিক করতে হবে। তবে দলের মানসিকতা ইতিবাচক। আমাদের গোল করার ক্ষমতা রয়েছে। ফলে আমরা সব ম্যাচেই এগিয়ে যেতে পারি।”
মায়ের মৃত্যুর পর এই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে ফিরেছিলেন দেশঁ। তিনি বলেন, “যেটা দরকার ছিল সেটাই করেছি আমরা। প্রথম ১৫ মিনিটে ভাল খেলতে পারিনি। তার পর অনেক সুযোগ তৈরি করেছি। প্রথমার্ধে নিখুঁত হতে পারিনি, এটাই আমার একমাত্র আক্ষেপ।”