FIFA World Cup 2026

মেসি, রোনাল্ডোর হাতে বিশেষ ব্যাজ! বাকি অধিনায়কদের থেকে আলাদা, কী এই ‘লেগাসি’ ব্যাজ, কেন দেওয়া হয়েছে দুই তারকাকে

এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। দেওয়া হয়েছে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৪:৫০
football

লিয়োনেল মেসি (বাঁ দিকে) ও ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর জার্সিতে সেই ‘লেগাসি’ ব্যাজ। ছবি: এক্স।

ফুটবল মাঠে অধিনায়কদের হাতে থাকে ‘ক্যাপ্টেন’স আর্ম ব্যান্ড’। আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসি ও পর্গুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেও তা রয়েছে। কিন্তু সেই ব্যাজের সঙ্গে আরও একটি বিশেষ ব্যাজ রয়েছে দু’জনের জার্সিতে। তার নাম ‘লেগাসি’ ব্যাজ।

Advertisement

এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি ও রোনাল্ডো। তাঁদের সম্মান জানাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। দেওয়া হয়েছে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ। ফুটবলে তাঁদের কৃতিত্বকে সম্মান জানিয়েছে ফিফা।

বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক ফুটবলারের জার্সিতে ফিফার একটি ব্যাজ থাকে। মেসি ও রোনাল্ডোর জার্সিতে সেই ব্যাজের নীচেই রয়েছে এই ‘লেগাসি’ ব্যাজ। সেখানে সোনালি রঙের একটি বিশ্বকাপের লোগো আঁকা রয়েছে। তার নীচে লেখা ‘ফিফা ওয়ার্ল্ড কাপ লেগাসি।’

লোগো ছাড়াও দুই তারকার ব্যাজে দু’জনের নাম লেখা রয়েছে। দু’জনের দেশের পতাকাও আঁকা সেখানে। দুই তারকার কিছু বিশেষ উল্লাসের ধরনও আঁকা সেখানে। যেমন, রোনাল্ডোর ব্যাজে তাঁর বিখ্যাত ‘সিউ’ উল্লাস আঁকা। মেসির ব্যাজে আবার তাঁর দু’হাত ছড়িয়ে উল্লাসের ধরন আঁকা রয়েছে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মেসি ও রোনাল্ডো দুই ফুটবলারই প্রথম বার ২০০৬ সালের বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। তার পর থেকে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন তাঁরা। এ বার তাঁদের ষষ্ঠ বিশ্বকাপ। এ বারই শেষ। আর কোনও দিন ফুটবলের বিশ্বমঞ্চে তাঁদের দেখা যাবে না। সেই কারণেই এই উদ্যোগ ফিফার।

বিশ্বকাপের শুরুটা ভাল হয়েছে মেসির। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন মেসি। বিশ্বকাপে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক। গত বার কাতারে মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আরও এক বার বিশ্বকাপ জিততে নেমেছেন তিনি। প্রথম ম্যাচে তিন গোল করায় বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬তে। জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে শীর্ষে তিনি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর একটি গোল করলেই সকলকে ছাপিয়ে শীর্ষে চলে যাবেন তিনি।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রোনাল্ডোর অবশ্য শুরুটা ভাল হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। গোটা ম্যাচে খুঁজে পাওয়া যায়নি রোনাল্ডোকে। যে কয়েকটি সুযোগ পেয়েছেন তা কাজে লাগাতে পারেননি। হতাশ করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনিই কি এই দলের বোঝা?

Advertisement
আরও পড়ুন