Lionel Messi

অনুশীলনে মেজাজ হারালেন মেসি! ঝামেলায় জড়ালেন সতীর্থের সঙ্গে

মার্সেইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজির অনুশীলনে অশান্তি। ঝামেলার কেন্দ্রে মেসি। এক সতীর্থের সঙ্গে বাদানুবাদে জড়ালেন আর্জেন্টিনার অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৯
picture of Lionel Messi

ক্লাবের অনুশীলনে এক সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি। ছবি: টুইটার।

ক্লাবের অনুশীলনে এক সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন লিয়োনেল মেসি। সেই সতীর্থ আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের মানুষ। অনুশীলনের মাঝে পর্তুগিজ মিডফিল্ডার বিতিনহার সঙ্গে বাদানুবাদ হয় আর্জেন্টিনার অধিনায়কের। এই ঘটনায় তাল কেটে যায় প্যারিস সঁ জরমঁর অনুশীলনে।

ফ্রান্সের ফুটবল লিগে পরের ম্যাচে প্যারিস সঁ জরমঁর প্রতিপক্ষ অলিম্পিক ডি মার্সেই। সেই ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিলেন মেসিরা। ফ্রান্সের সাংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনুশীলন ম্যাচ হলেও খেলা হচ্ছিল বেশ চড়া মেজাজে। প্রতিযোগিতামূলক ম্যাচের মনোভাব নিয়েই খেলছিলেন কিলিয়ন এমবাপেরা। মেসির বিপক্ষ দলে ছিলেন বিতিনহা। ম্যাচে কয়েক বার মেসিকে তিনি কড়া ট্যাকল করেন। একাধিক বার মাটিতে পড়ে যান মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তরুণ সতীর্থকে সতর্ক করেন। কিন্তু গুরুত্ব দেননি পর্তুগালের মিডফিল্ডার। অনুশীলন ম্যাচে বার বার কড়া ট্যাকলে বিরক্ত হন মেসি। এক সময় ২৩ বছরের সতীর্থের কাছে বার বার কড়া ট্যাকল করার কারণ জানতে চান। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ।

Advertisement

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি পিএসজির অন্য ফুটবলাররা। দু’জনকে সরিয়ে নিয়ে যান তাঁরা। মেসি এবং বিতিনহাকে শান্ত করেন। ফ্রান্সের একাধিক সংবাদপত্রে অনুশীলনে মেসির মেজাজ হারানোর খবর ছাপা হয়েছে। কারণ, ক্লাব কর্তৃপক্ষই সমাজমাধ্যমে মেসির সঙ্গে বিতিনহার ঝামেলার কথা জানিয়েছে। পিএসজির অবশ্য দাবি, অনুশীলনেও কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চান না ফুটবলাররা। বিষয় যাই হোক, মেসির মতো দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে অনুশীলনে বার বার কড়া ট্যাকল করায় অসন্তোষ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীদের একাংশও।

মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পিএসজি কর্তৃপক্ষ। কারণ পিএসজি ২৪টি ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও খুব পিছিয়ে নেই মার্সেই। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিকটতম প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান বাড়াতে মরিয়া মেসি, এমবাপেরা।

চলতি মরসুমে পিএসজির হয়ে এখনও পর্যন্ত মেসি খেলেছেন ২৭টি ম্যাচ। নিজে করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। অন্য দিকে এই মরসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন বিতিনহা। এখনও পর্যন্ত ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩৩টি ম্যাচ। তার মধ্যে ২৮টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন।

Advertisement
আরও পড়ুন