—ফাইল চিত্র।
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর দু’মাসও বাকি নেই। ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউজ়ের দেওয়া বার্ষিক নৈশভোজের আসরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই চলল গুলি। যদিও তাঁর কোনও আঘাত লাগেনি। ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
শনিবার রাতে (আমেরিকার সময়) হোয়াইট হাউজ়ের দেওয়া নৈশভোজে আমেরিকার একাধিক উচ্চপদস্থ কর্তাও ছিলেন। এখনও পর্যন্ত কারও আঘাতের খবর নেই। এই ঘটনার পরে সমাজমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে।
নৈশভোজের পরে সকলেই ট্রাম্পের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন। তখনই হামলা চালান ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন। আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী যুবক দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক জন শিক্ষক এবং ভিডিয়ো গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত অ্যালেনকে গ্রেফতারও করা হয়েছে। কঠোর নিরাপত্তার বলয় ভেদ করে কী ভাবে হামলা চালানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় আতঙ্কের আবহেই বিশ্বকাপের টিকিটের অগ্নিমূল্য নিয়ে ফিফার তীব্র সমালোচনা করেছেন ম্যাঞ্চেস্টার সিটি-র ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। সাদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ওঠার পরে তিনি বলেছেন, ‘‘আগে বিশ্বকাপ ছিল ফুটবলকে উপভোগ করার মঞ্চ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা আসতেন প্রিয় দলকে সমর্থন করতে। কিন্তু এখন ফুটবল বিত্তশালীদের খেলায় পরিণত হয়েছে। মনে রাখা উচিত, সমর্থকরা না থাকলে খেলাটার কোনও গুরুত্ব থাকবে না। ফুটবলকে নিয়ে ব্যবসা থাকবে না।’’
এফএ কাপের ফাইনালে ম্যান সিটি মুখোমুখি হবে চেলসির। রবিবার শেষ চারের দ্বৈরথে লিডস ইউনাইটেডকে ১-০ হারায় লন্ডনের ক্লাব। ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোল করেন এনজ়ো ফার্নান্দেস।