নেমার। ছবি: রয়টার্স।
চোট সারাতে মাঠের বাইরে গিয়েছিলেন। ফের মাঠে নামার সময় শুনলেন, তাঁকে নাকি ‘তুলে নেওয়া’ হয়েছে। তা হয়েছে চতুর্থ রেফারির ভুলে। এই ঘটনা নিয়ে তুলকালাম হল ব্রাজ়িলের ঘরোয়া ফুটবল লিগের একটি ম্যাচে। রেফারির উপর ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি করলেন নেমার। তবে মাঠে আর নামতে পারলেন না।
সোমবার রাতের দিকে বিশ্বকাপের জন্য ব্রাজ়িলের দল ঘোষণা হওয়ার কথা। তার আগে কোচ কার্লো আনচেলোত্তিকে ভাল খেলার প্রমাণ দিতে চেয়েছিলেন নেমার। কিন্তু সেটা হল না।
ব্রাজ়িলের লিগে স্যান্টোস বনাম কোরিতিবা ম্যাচের ৬৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। নেমারের দল স্যান্টোস ০-৩ গোলে পিছিয়ে ছিল। পায়ের চোট সারাতে নেমার কিছু ক্ষণ মাঠের বাইরে গিয়েছিলেন। সেই সময় চতুর্থ রেফারি পরিবর্ত খেলোয়াড় নামানোর নির্দেশ দেন। দেখা যায়, নেমারের পরিবর্তে রোবিনহোকে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আসলে স্যান্টোসের কোচ চেয়েছিলেন, গঞ্জালো এস্কোবারের বদলে রোবিনহোকে নামাতে। তাঁর জায়গায় নেমারকেই বদল করে দেওয়া হয়। নেমার এবং বাকি ফুটবলারেরা বিষয়টি বোঝার পরেই রেফারিকে ঘিরে ধরে তর্ক করতে থাকেন। সেই সময় নেমার একটি কাগজ তুলে ক্যামেরার সামনে ধরেন, যেখানে সরকারি ভাবে এস্কোবারের নামই লেখা হয়েছিল পরিবর্ত ফুটবলার হিসাবে। অর্থাৎ ভুলটি করেন চতুর্থ রেফারিই।
ম্যাচের পর নেমার বলেন, “আমি জানতাম রোবিনহো নামবে। কিন্তু সে দিকে তাকাইনি। এমনকি বোর্ডে কার নাম লেখা রয়েছে সেটাও দেখিনি। খুব গুরুতর ভুল করেছেন ম্যাচ পরিচালকেরা।” স্যান্টোসের কোচ কুকাও বলেছেন, “চতুর্থ রেফারি বড় ভুল করেছেন। তবে আমাদের হারের কারণ সেটা নয়।”