Kylian Mbappe

স্টেডিয়াম থেকে সরে গেল পোস্টার, বন্ধ হল জার্সি বিক্রি, এমবাপেকে কি ছেড়ে দিচ্ছে পিএসজি?

এমবাপের সঙ্গে পিএসজির দূরত্ব আরও বৃদ্ধি পেল। স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর পোস্টার। ক্লাবের দোকানে এমবাপের নাম লেখা জার্সি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ১৮:০৮
picture of Kylian Mbappe

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

কিলিয়ান এমবাপের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করছে প্যারিস সঁ জরমঁ। মূল দলের সঙ্গে এমবাপের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। এ বার সরিয়ে দেওয়া হল ফরাসি স্ট্রাইকারের পোস্টার। ক্লাবের দোকানে বিক্রি বন্ধ করে দেওয়া হল এমবাপের জার্সিও। তা হলে কি পিএসজিতে এমবাপে অধ্যায় শেষ হতে চলেছে?

Advertisement

নতুন চুক্তি সই নিয়ে এমবাপে-পিএসজি জট কাটছে না। বরং আরও জটিল হচ্ছে দু’পক্ষের সম্পর্ক। জাপান এবং দক্ষিণ কোরিয়ায় প্রাকমরসুম সফরের পর গত সোমবার থেকে মূল দলকে নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ লুই এনরিকে। সেই অনুশীলনে প্রবেশাধিকার নেই এমবাপের। তিনি সকালে অনুশীলন করছেন ক্লাবের অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে। প্রাকমরসুম সফরেও তাঁকে নিয়ে যায়নি পিএসজি। তাতেও সুর নরম করেননি এমবাপে। তাই তাঁর উপর চাপ আরও বৃদ্ধি করতে নতুন পথ নিয়েছেন পিএসজি কর্তৃপক্ষ। ক্লাবের স্টেডিয়াম থেকে খুলে ফেলা হল এমবাপের পোস্টার। প্যারিসে ক্লাবের নিজস্ব দোকানে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে এমবাপের নাম লেখা জার্সি। এ সব দেখে মনে করা হচ্ছে, এমবাপেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ক্লাব কর্তৃপক্ষ।

এমবাপের সঙ্গে ২০২৪ সালের অগস্ট মাস পর্যন্ত চুক্তি রয়েছে পিএসজির। ফ্রান্সের ক্লাবটি চাইছে তাঁর সঙ্গে আরও ১২ মাসের চুক্তি করতে। ৩১ অগস্টের মধ্যে তাঁকে নতুন চুক্তি সই করতে বলেছেন পিএসজি কর্তৃপক্ষ। ক্লাবের এই প্রস্তাবে রাজি নন এমবাপে। তিনি চান চুক্তি শেষ হওয়ার পর ফ্রি ফুটবলার হিসাবে নতুন চুক্তি করতে। অন্য ক্লাবেও যাতে ফ্রি ফুটবলার হিসাবে যোগ দিতে পারেন, সেই রাস্তা খোলা রাখতে চান ফরাসি স্ট্রাইকার। একাধিক বার আলোচনার পরেও সহমত হতে পারেননি দু’পক্ষ।

অন্য দিকে, দমার ইঙ্গিত দেখা যাচ্ছে না এমবাপের মধ্যেও। দরকারে অতিরিক্ত ফুটবলার হিসাবেই অনুশীলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সতীর্থদের। গোটা মরসুম বেঞ্চে বসে কাটিয়ে দিতেও রাজি তিনি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের চাপের কাছে নতি স্বীকার করবেন না। পরিস্থিতি দেখে অনেকে মনে করছেন, দু’পক্ষের সংঘাত এ বার চরম পর্যায়ে পৌঁছেছে। ২৪ বছরের ফুটবলার আর পিএসজির পরিকল্পনায় নেই।

পিএসজির পর এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। পিএসজির স‌ঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমবাপেকে নিতে চায় স্পেনের ক্লাবটি। তাঁকে ছাড়তে আপত্তি নেই পিএসজি কর্তৃপক্ষেরও। তবে এমবাপেকে খালি ছাড়তে নারাজ তাঁরা। পিএসজি কর্তৃপক্ষ চান, এমবাপেকে যে কোনও ক্লাবে মোটা টাকায় বিক্রি করতে। ক্লাবের এই পরিকল্পনা পছন্দ হয়নি ফরাসি স্ট্রাইকারের।

Advertisement
আরও পড়ুন