FIFA World Cup 2026

ব্রাজ়িল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড দ্রুত বিদায় নিক বিশ্বকাপ থেকে! জানা গেল কেন এই ইচ্ছা রিয়াল মাদ্রিদের কোচ মোরিনহোর

বিশ্বকাপের মাঝেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া হোসে মোরিনহো। তিনি চান, ব্রাজ়িল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের মতো দল দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৩:৫৭
football

হোসে মোরিনহো। —ফাইল চিত্র।

হোসে মোরিনহোর উপর রাগ করবেন ব্রাজ়িল, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানির ফুটবল সমর্থকেরা। কারণ, মোরিনহো চান, এই দলগুলি দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিক। বিশ্বকাপের গ্রুপ লিগ শেষ হওয়ার আগেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া মোরিনহো।

Advertisement

কার্লো আনচেলোত্তি ব্রাজ়িলের কোচ হওয়ায় মোরিনহোকে কোচ করেছে রিয়াল। আগামী মরসুম থেকে স্পেনের দলের দায়িত্ব সামলাবেন তিনি। তাই মোরিনহো চান, রিয়াল মাদ্রিদের যে ফুটবলারেরা বিশ্বকাপে খেলছেন, তাঁদের দল দ্রুত বিদায় নিক।

একটি পডকাস্টে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন পর্তুগিজ় কোচ। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ বারের বিশ্বকাপ তাঁর কেমন লাগছে। জবাবে মোরিনহো বলেন, “আপনি সত্যি জানতে চান? আমি চাই রিয়াল মাদ্রিদের ফুটবলারদের দল দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিক। ওরা ছুটি কাটাতে চলে যাক। তা হলে প্রাক্‌-মরসুমের প্রস্তুতিতে ওদের তরতাজা পাওয়া যাবে।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রিয়াল মাদ্রিদের ১০ জন ফুটবলার এ বারের বিশ্বকাপে খেলছেন। আটটি দলে খেলছেন তাঁরা। সেই ফুটবলারেরা হলেন, ব্রাজ়িলের ভিনিসিয়াস জুনিয়র ও এনড্রিক, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, অঁরেলিয়েঁ চুয়ামেনি, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, জার্মানির আন্তোনিয়ো রুডিগার, বেলজিয়ামের থিবো কুর্তোয়া, উরুগুয়ে ভেডেরিকো ভালভার্দে, অস্ট্রিয়ার ডেভিড আলাবা ও তুরস্কের আর্গা গুলের।

মোরিনহো জানিয়েছেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের খুব কম ম্যাচই তিনি দেখেছেন। নকআউট থেকে বিশ্বকাপে নজর রাখবেন পোড়খাওয়া কোচ। তিনি বলেন, “কিছু ম্যাচ তো ১০ মিনিট দেখেই বন্ধ করে দিয়েছি। আমার মতে বিশ্বকাপ সেরার সেরা প্রতিযোগিতা। তাই ৭-১ বা ৫-১ ফলাফল বিশ্বকাপে বেমানান। আরও প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত। আশা করছি নকআউট থেকে সেটা দেখা যাবে।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পর্তুগালের মোরিনহো স্বাভাবিক ভাবেই চান, তাঁর দল ফাইনালে উঠুক। পাশাপাশি ইংল্যান্ডের খেলা ভাল লেগেছে তাঁর। মোরিনহো বলেন, “আমার মতে, পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ডের ফাইনালে ওঠা উচিত। ওরা খুব চাপ নিয়ে খেলে। সারা ক্ষণ সংবাদমাধ্যমের নজর থাকে ওদের উপর। তার পরেও ওরা ভাল খেলছে। তাই ওরা দাবিদার।”

Advertisement
আরও পড়ুন