SC East Bengal

SC East Bengal: ফের কোয়রান্টিন শুরু লাল-হলুদের

ম্যানুয়েল (মানলো) দিয়াসের প্রশিক্ষণাধীন এসসি ইস্টবেঙ্গল দল কোয়রান্টিন পর্ব শেষ করে মাঠে নেমে গিয়েছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ০৭:১৩
 ফের আট দিনের কোয়রান্টিন পর্ব কাটাতে হবে অরিন্দম ভট্টাচার্যদের।

ফের আট দিনের কোয়রান্টিন পর্ব কাটাতে হবে অরিন্দম ভট্টাচার্যদের। ফাইল চিত্র।

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান সুপার লিগ। আগামী মাসের তৃতীয় সপ্তাহেই যা শুরু হবে গোয়ায়। তার আগে কলকাতার দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান ব্যস্ত প্রস্তুতিতে। যদিও আট দিন মাঠে নেমে অনুশীলন বন্ধ হতে চলেছে লাল-হলুদ শিবিরে।

ম্যানুয়েল (মানলো) দিয়াসের প্রশিক্ষণাধীন এসসি ইস্টবেঙ্গল দল কোয়রান্টিন পর্ব শেষ করে মাঠে নেমে গিয়েছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। প্রস্তুতি ম্যাচেও ড্যানিয়েল চিমা, মহম্মদ রফিকদের দেখে নিয়েছিলেন মানলো।মঙ্গলবার কিংবা তার পরের দিন টিম হোটেল বদল করছে এসসি ইস্টবেঙ্গল। সে কারণে ফের আট দিনের কোয়রান্টিন পর্ব কাটাতে হবে অরিন্দম ভট্টাচার্যদের। এই সময়ে মাঠে নেমে অনুশীলন হবে না। হোটেলের ঘরেই কোচ ও ট্রেনারদের নির্দেশ মেনে শারীরচর্চা করবেন দলের ফুটবলারেরা।

Advertisement

আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২১ নভেম্বর। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ম্যানুয়েল দিয়াস ইতিমধ্যেই চূড়ান্ত দল বেছে নিয়েছেন। তাই এই নতুন কোয়রান্টিন পর্ব নিয়ে চিন্তিত নন তিনি। জানিয়েছেন, হোটেল বদলের পরে আট দিন সেখানেই প্রস্তুতি-পর্ব চালিয়ে রণনীতির মহড়া দিতে মাঠে নামার পরেও প্রায় তিন সপ্তাহ সময় পাবেন। তার মধ্যে দলকে তৈরি করে নিতে পারবেন। সমস্যা হবে না।

এ দিকে, প্রাক্-মরসুম প্রস্তুতি পর্ব সেরে আগেই এএফসি কাপ খেলায় দেরিতে মাঠে অনুশীলন শুরু করেছে এটিকে-মোহনবাগান। স্পেনীয় কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের প্রশিক্ষণে প্রস্তুতি চলছে সবুজ-মেরুন শিবিরের। দলের সব ফুটবলারেরা চলে এলেও প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট-সহ বিভিন্ন জিনিস খোয়া গিয়েছে, চলতি মরসুমে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে কলকাতার এই দলে খেলতে আসা হুগো বুমোসের। আগামী সপ্তাহের মধ্যে সমস্যা মিটিয়ে বুমোসও হয়তো চলে আসবেন গোয়ার শিবিরে।

Advertisement
আরও পড়ুন