Diamond Harbour FC

ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তদন্ত শুরু, একাধিক অনিয়মের অভিযোগ অভিষেকের ক্লাবের বিরুদ্ধে, ‘দখলমুক্ত’ বিধাননগরের মাঠও

এ বছরই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। রাজ্যে পালাবদলের পর সংশয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২১:৫৩
football

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

এ বছরই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। রাজ্যে পালাবদলের পর সংশয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার এ কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

Advertisement

সংবাদমাধ্যমকে নিশীথ জানান, ক্লাবের গঠন এবং কার্যকলাপ নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে সরকারের কাছে। নিশীথের কথায়, “ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কি না তা নিয়ে অভিযোগ পেয়েছি। পাশাপাশি ক্লাব চালানোর অর্থ কোথা থেকে আসে, কোথায় অর্থ খরচ করা হয় তা নিয়েও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

ক্লাবের আর্থিক অবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নিশীথ। পাশাপাশি তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পনসরদেরও তলব করা হতে পারে। নিশীথের কথায়, “আলোচনার জন্য স্পনসরদের ডাকা হতে পারে। কোথা থেকে ক্লাব চালানোর টাকা আসছে, কী ভাবে টাকার জোগান দেওয়া হচ্ছে তা দেখা হবে।”

ডায়মন্ড হারবার যে মাঠে অনুশীলন করে, বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের সেই মাঠ জোর করে দখল করে রাখার অভিযোগও জমা পড়েছে। নিশীথ বলেছেন, “দখলমুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। তদন্তে যা পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সব প্রকাশ্যে আনা হবে।”

তিনি আরও বলেছেন, “ক্রীড়া দফতর তদন্ত শুরু করেছে। আমরা নিয়মিত আইএফএ-র সঙ্গে আলোচনা করছি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।” নিশীথের দাবি, ডায়মন্ড হারবারের কিছু ফুটবলার সরকারি চাকরি করছেন। নিশীথ বলেন, “আমরা চাই সব ক্লাব ভাল খেলুক এবং উন্নতি করুক। কিন্তু অনৈতিক কোনও কাজ করলে কোনও ভাবেই তা বরদাস্ত করা হবে না।”

অভিযোগ নিয়ে এখনও ডায়মন্ড হারবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন