Bundesliga

বুন্দেশলিগার ইতিহাসে প্রথম মহিলা কোচ, ইউনিয়ন বার্লিনের দায়িত্বে ৩৪ বছরের এতা

৩৪ বছরের মেরি-লুইস এতা ২০২৩ সালে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ ছিলেন। সে বারও নজির গড়েছিলেন তিনি। বুন্দেশলিগার কোনও ক্লাবের প্রথম মহিলা সহকারী কোচ হয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৫:৫৮
picture of football

মেরি-লুইস এতা। ছবি: এক্স।

বুন্দেশলিগার ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে চলেছে। প্রথম বার পুরুষদের দলে দেখা যাবে মহিলা কোচ। বুন্দেশলিগার অন্যতম ক্লাব ইউনিয়ন বার্লিন অন্তর্বর্তিকালীন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে মেরি-লুইস এতাকে।

Advertisement

শুধু বুন্দেশলিগা নয়। ইউরোপের সেরা পাঁচটি লিগের কোনও ক্লাবের প্রথম মহিলা কোচ হয়ে নজির গড়লেন এতা। শনিবার পয়েন্ট তালিকায় শেষ দিকে থাকা এফসি হাইডেনহেইমের কাছে ১-৩ গোলে হেরে যায় ইউনিয়ন বার্লিন। তার পরই ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করেন কোচ স্টিফেন বাউমগার্টকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এতাকে। মরসুমের শেষ পর্যন্ত তাঁর হাতেই থাকবে দলের দায়িত্ব।

৩৪ বছরের এতা ২০২৩ সালে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ ছিলেন। সে বারও নজির গড়েছিলেন তিনি। বুন্দেশলিগার কোনও ক্লাবের প্রথম মহিলা সহকারী কোচ হয়েছিলেন এতা। এ বার সরাসরি প্রধান কোচের দায়িত্বে। ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন ম্যানেজার নেনাদ বিয়েলিকা তিন ম্যাচের জন্য নিলম্বিত (সাসপেন্ড) হয়েছিলেন। তখন ডার্মস্ট্যাটের বিরুদ্ধে এতাই ছিলেন দলের ডাগআউটে। বুন্দেশলিগায় প্রথম মহিলা কোচ হিসাবে টাচলাইনে দাঁড়ানোর কৃতিত্ব অর্জন করেছিলেন। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল তাঁর দল।

জার্মানির হয়ে আন্তর্জাতিক যুব ফুটবল খেলেছেন এতা। মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০২৫ সালের জুলাই থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ছিলেন তিনি। আগামী মরসুমে তিনি ক্লাবের মহিলা দলের দায়িত্ব নেবেন।

১৮ দলের লিগে ইউনিয়ন বার্লিন রয়েছে ১১ নম্বরে। মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। এতাকে নিয়োগের পর ক্লাব কর্তৃপক্ষ বলেছেন, ‘‘এ বার আমাদের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে মরসুমের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স। যে ভাবে চলছিল, তাতে আমাদের ভাল কিছুর আশা ছিল না। তাই নতুন ভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’

পুরুষদের পেশাদার দলের প্রথম মহিলা কোচ হিসাবে কাজ করার নজির রয়েছে ইটালির ক্যারোলিনা মোরাসির। ১৯৯৯ সালে তিনি সিরি সিওয়ানের দল ভিটারবেসের দায়িত্ব নিয়েছিলেন। যদিও তাঁর মেয়াদ টিকে ছিল মাত্র দু’ম্যাচ।

Advertisement
আরও পড়ুন