উরুগুয়ে ফুটবল দল। ছবি: রয়টার্স।
২০২২ সালের পর ২০২৬। টানা দু’টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল উরুগুয়ে। প্রথম দু’বারের বিশ্বজয়ীদের এমন পারফরম্যান্সে হতাশ ফুটবলপ্রেমীরা। ক্ষুব্ধ উরুগুয়ের ফুটবল কর্তারা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ফুটবলারদের শাস্তি দিলেন তাঁরা।
গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। সৌদি আরব এবং কাবো ভার্দের কাছেও আটকে গিয়েছেন ফেড্রিকো ভালভার্দে, এমিলিয়ানো মার্তিনেজ়, ব্রায়ান রদ্রিগেজ়েরা। গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে লুই সুয়ারেজ়ের দেশ। বিশ্বকাপে দলের এই পারফরম্যান্সে বিরক্ত ফুটবল কর্তারা বাতিল করে দিয়েছেন দেশে ফেরার চার্টার্ড বিমান।
উরুগুয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দলের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিলেন কর্তারা। শেষ ম্যাচ পর্যন্ত সেই বিমানেই যাতায়াত করেছে গোটা দল। কিন্তু স্পেনের কাছে হারার পরই সেই চার্টার্ড বিমান বাতিল করে দেওয়া হয়েছে। উরুগুয়ের ফুটবলারদের দেশে ফিরতে হয়েছে নিজেদের খরচে। গোটা দল একসঙ্গে দেশে ফিরতে পারেনি।
স্পেনের কাছে হারার পর দলের খেলায় প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেছিলেন কোচ মার্লেসো বিয়েলসা। আর্জেন্তিনীয় কোচ বলেছিলেন, ‘‘উরুগুয়ের ফুটবলকে কিছুই দিয়ে যেতে পারলাম না। তিন বছর কোচ হিসাবে কাজ করেছি। যে রকম সমর্থনই পাই না কেন, ফলাফল দিতে না পারলে কোচের কোনও মূল্য থাকে না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থানের কোনও মূল্য হয় না। কোপা আমেরিকায় তৃতীয় স্থানও মূল্যহীন। বিশ্বকাপের ফল নিয়েও কিছু বলার নেই। এই মেয়াদে কিছুই করতে পারলাম না।’’