FIFA World Cup 2026

বিশ্বকাপ খেলতে গিয়ে আমেরিকায় পা রাখতেই আটক ইরাকের ফুটবলার, সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শনিবার আমেরিকায় পা রাখতেই শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেনকে আটক করে পুলিশ। পাশাপাশি আটক করা হয় ইরাক দলের চিত্রসাংবাদিক তালাল সালাহকেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০০:৩৯
আয়মেন হুসেন।

আয়মেন হুসেন। ছবি: রয়টার্স।

আসন্ন ফিফা বিশ্বকাপের আগেই বিপত্তি ইরাকের জাতীয় ফুটবল দলে। শনিবার আমেরিকায় পৌঁছনোর পরেই পুলিশের হাতে আটক ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন। প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। চার দশক পর প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে নামছে ইরাক। তার আগেই ৩০ বছর বয়সী আয়মেনের আটকের ঘটনায় দুশ্চিন্তার ছায়া ইরাকের শিবিরে।

Advertisement

শনিবার আমেরিকায় পা রাখতেই শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আয়মেনকে আটক করে পুলিশ। ইরাকি অলিম্পিক কমিটিতে কর্মরত এবং জাতীয় ফুটবল দলের সঙ্গে ঘনিষ্ঠ এক আধিকারিক জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার সময় আয়মেনের ফোনটি খতিয়ে দেখে পুলিশ। পরে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয় আয়মেনকে। আয়মেনের পাশাপাশি আটক করা হয় ইরাক দলের চিত্রসাংবাদিক তালাল সালাহকেও। তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি আমেরিকায় প্রবেশের অনুমতিও তাঁকে দেওয়া হয়নি বলে আধিকারিক সূত্রে খবর।

কী কারণে আয়মেন ও তালালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিয়ে মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনও মন্তব্য করেনি। এখনও পর্যন্ত এই ঘটনায় ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে। ইরাক গ্রুপ ‘আই’-তে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে খেলবে। ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হলেন আয়মেন। যোগ্যতা অর্জনে ম্যাচে তাঁর গোলের কারণেই দেশটি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। আয়মেনের নেতৃত্বে খেলবেন ইপসউইচ টাউনের ফরোয়ার্ড আলি আল-হামাদি এবং তরুণ খেলোয়াড় আলি জাসিম ও ইউসুফ আমিন।

Advertisement
আরও পড়ুন