Lakshya Sen in Court Trouble

বাঙালি লক্ষ্যকে নিয়ে ব্যাডমিন্টনে তোলপাড়! বয়স ভাঁড়ানোর মামলায় তদন্তের নির্দেশ আদালতের

আইনি সমস্যায় বাঙালি ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় লক্ষ্যের দায়ের করা হলফনামা খারিজ হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩
sports

লক্ষ্য সেন। —ফাইল চিত্র।

ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ বলা হয় তাঁকে। অল্প বয়সেই নজর কেড়েছেন লক্ষ্য সেন। দেশের হয়ে অনেক পদক জিতেছেন বাঙালি ব্যাডমিন্টন তারকা। সেই লক্ষ্য এ বার আইনি জটিলতায়। তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় লক্ষ্যের দায়ের করা হলফনামা খারিজ হয়েছে।

Advertisement

২০২২ সালে লক্ষ্য, তাঁর দাদা চিরাগ সেন, বাবা ডিকে সেন, মা নির্মলা সেন ও কোচ বিমল কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন নাগরাজ এমজি নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, জুনিয়র স্তরে জাতীয় প্রতিযোগিতা খেলার জন্য আড়াই বছর করে বয়স কমিয়েছেন লক্ষ্য ও চিরাগ। তাতে প্রতিযোগিতায় বাকিদের থেকে সুবিধা পেয়েছেন তাঁরা। লক্ষ্যের এখন বয়স ২৩। নাগরাজের অভিযোগ, বেআইনি ভাবে বয়স আড়াই বছর কমানো আছে তাঁর। প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করা হয়েছিল। তিনি ২০২২ সালের ডিসেম্বর মাসে এফআইআর দায়েরের নির্দেশ দেন। তদন্ত শুরু করে পুলিশ। পরে মামলা গড়ায় কর্নাটক হাই কোর্টে।

এই মামলায় লক্ষ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কর্নাটক হাই কোর্ট। হলফনামায় লক্ষ্য জানিয়েছেন, তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার চক্রান্ত করা হয়েছে। তাঁর কেরিয়ারের ক্ষতি করার জন্য ইচ্ছা করে এই অভিযোগ করেছেন নাগরাজ। সেখানে পাল্টা দাবি করা হয়েছে, ২০২০ সালে প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে ভর্তি হতে পারেননি নাগরাজের কন্যা। সেই সময় সেই অ্যাকাডেমিতে খেলতেন লক্ষ্য। কন্যা ব্যর্থ হওয়ায় ইচ্ছা করে সেন পরিবারকে নিশানা করছেন তিনি।

লক্ষ্যের এই হলফনামায় খুশি হননি বিচারপতি। তিনি সেই হলফনামা খারিজ করে দিয়েছেন। তাঁর মতে, নাগরাজের অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত করার অনেক কারণ রয়েছে। সেই কারণে পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে অবশ্য লক্ষ্য বা তাঁর পরিবার কোনও মন্তব্য করেনি।

ভারতের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, টমাস কাপে সোনা ও এশিয়ান গেমসে রুপো জিতেছেন লক্ষ্য। কমনওয়েল্‌থ গেমসে সোনা ও রুপো জিতেছেন। অল ইংল্যান্ডে রানার্স হয়েছেন। সামনেই আবার অল ইংল্যান্ড প্রতিযোগিতা রয়েছে। তার আগে এই আইনি জটিলতায় সমস্যা বাড়ল লক্ষ্যের।

Advertisement
আরও পড়ুন