Smartphone

র‌্যাম-স্টোরেজ-প্রসেসারের মূল্যবৃদ্ধিতে বাজারে আগুন! সস্তার স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড, জেনে নিন দাম

র‌্যাম, স্টোরেজ থেকে প্রসেসারের মতো যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে হু-হু করে বাড়ছে স্মার্টফোনের দাম। এ-হেন পরিস্থিতিতে সস্তার মুঠোবন্দি ডিভাইসে বাজার কাঁপাবে ভারতীয় ব্র্যান্ড?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৮:৩৩
Representative Picture

—প্রতীকী চিত্র।

ঘোর সঙ্কটে স্মার্টফোনের বাজার। শুধু তা-ই নয়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিটি বৈদ্যুতিন সরঞ্জামের দাম। এর কারণ হিসাবে একটি বিষয়কেই চিহ্নিত করছেন টেক বিশ্লেষকেরা। তাঁদের দাবি, কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) দাপটে ঊর্ধ্বমুখী হয়েছে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার বা ল্যাপটপের একাধিক যন্ত্রাংশের দর। তারই প্রভাব পড়েছে এগুলির নির্মাণখরচে। এ-হেন পরিস্থিতিতে সবাইকে চমকে দিয়ে নতুন মুঠোবন্দি ডিভাইস বাজারে আনছে ভারতীয় ব্র্যান্ড!

Advertisement

দুনিয়া জুড়ে কৃত্রিম মেধা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেতেই তুঙ্গে ওঠে র‌্যাম, স্টোরেজ এবং প্রসেসারের চাহিদা। ফলে হঠাৎ করে এই চিপগুলির দাম রকেট গতিতে বেড়ে গিয়েছে। পাশাপাশি, দিন দিন স্মার্টফোনের যন্ত্রাংশের দর চড়াচ্ছে পিসিবি বোর্ড এবং কুলিং সিস্টেম নির্মাণকারী সংস্থাগুলিও। ব্যবসা বাড়াতে কৃত্রিম মেধা প্রযুক্তির তথ্যভান্ডার বা ডেটা সেন্টারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যাচ্ছে তাদের।

এই পরিস্থিতিতে স্মার্টফোন নির্মাণ ৩০ শতাংশ কমিয়েছে শাওমি ও ভিভোর মতো বহুজাতিক চিনা সংস্থা। ভারতের বাজারে এদের তৈরি মুঠোবন্দি ডিভাইসের বেশ ভাল চাহিদা রয়েছে। বিশ্লেষকদের দাবি, এ দেশের বেশির ভাগ মানুষ ‘বাজেট-বান্ধব’ ফোন কিনতে বেশি পছন্দ করেন। কিন্তু, যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির জেরে সস্তার ডিভাইস কিছুতেই গ্রাহকদের হাতে তুলে দিতে পারছে না শাওমি বা ভিভো।

টেক বিশ্লেষকদের দাবি, আগে যে স্মার্টফোনের দাম ছিল ১০ হাজার টাকা, সেটাই এখন ২০ হাজার টাকার বেশিতে বিক্রি হচ্ছে। বাজারের এ-হেন টালমাটাল পরিস্থিতিতে নতুন মুঠোবন্দি ডিভাইস আনার কথা ঘোষণা করেছে ভারতীয় ব্র্যান্ড ফায়ার-বোল্ট। ই-কমার্স সাইটে চলছে তার প্রচার। স্মার্টফোনটির দাম ২০ হাজার কম হবে বলে জানা গিয়েছে।

ভারতীয় ব্র্যান্ডটির তৈরি ওই সস্তার ডিভাইসটির পোশাকি নাম ‘বোল্ট’। তাতে থাকবে চিনা সংস্থার তৈরি ইউনিএসওসি প্রসেসার। ফলে বাজেট-বান্ধব ফোনটির গুণগত মান কতটা ভাল হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন