বেড়াতে যাওয়ার আগে মোবাইলে রাখবেন কোন অ্যাপ? ছবি: সংগৃহীত।
জীবন এখন অ্যাপ নির্ভর, তা সে বেড়ানোই হোক, খাবার আনা হোক বা আর্থিক লেনদেন। প্রতিটি পদক্ষেপে, যে কোনও প্রয়োজনের জন্যই রয়েছে কোনও না কোনও অ্যাপ। মুঠো ফোনের এক ক্লিকেই সেই অ্যাপ কাজ করা শুরু করে।
হোটেল খোঁজা থেকে বাস বা ট্রেনের টিকিট কাটা, ভাষাগত পার্থক্য হলে অনুবাদ করে দেওয়া বা কী ভাবে ঘুরবেন তা বাতলে দেওয়া— সব কিছুতেই মানুষ সমাধান খোঁজেন মুঠোফোনে।
কিন্তু যদি মুঠোফোন থাকে, তাতে থাকে জরুরি অ্যাপও, আর ইন্টারনেট পরিষেবা না মেলে— তা হলে কিন্তু কোনও কাজই করা যায় না। সফর কালে এমন পরিস্থিতির সম্মুখীন একেবারেই কেউ হননি, তা হতেই পারে না। বিশেষত যদি নিজে বাইক ভাড়া করে বা গাড়ি চালিয়ে ঘুরতে হয়, ম্যাপ দেখা জরুরি হয়ে পড়ে। আর তেমন পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা না থাকলে বিপত্তির শেষ থাকে না। তবে এই সমস্যারও সমাধান আছে। বেড়াতে যাওয়ার আগে মোবাইলে রাখুন ৫ অ্যাপ, যা ইন্টারনেট ছাড়াও কাজ করবে।
গুগল ম্যাপ (অফলাইন মোড): যেখানে ইন্টারনেট পরিষেবা রয়েছে সেখান থেকেই প্রয়োজনীয় ম্যাপটি ডাউনলোড করা যায়। যদি মনে হয়, যে জায়গায় যাচ্ছেন সেখানে ইন্টারনেট পরিষেবা সেই ভাবে না-ও মিলতে পারে বা ইন্টারনেট পরিষেবা বেশি খরচ সাপেক্ষ, সেখানে এই পন্থা কাজে লাগাতে পারেন। নির্দিষ্ট শহর বা স্থানের ম্যাপ আগেই ডাউনলোড করে রাখুন।
ম্যাপস ডট মি: এই অ্যাপটিও ইন্টারনেট ছাড়া কাজ করতে পারে। পর্যটন কেন্দ্রের ছোটখাটো রাস্তা, সাইকেল লেন, গাড়ির পথ সবটাই অ্যাপ দেখিয়ে দেয়। কোথায় ক্যাফে, রেস্তরাঁ রয়েছে সেই নাগালও মেলে অ্যাপের দ্বারা। অ্যাপটি কম স্থান দখল করে, ফলে যে কোনও ফোনেই সহজে ইনস্টল করা যায়।
গুগল ট্রান্সলেট: ভাষাগত অনুবাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। অনলাইনেই এটি কাজ করে। তবে এর একটি অফলাইন ফিচার আছে।আগাম ‘ল্যাঙ্গোয়েজ প্যাক’ ডাউনলোড করলে ইন্টারনেট ছাড়াও এর মাধ্যমে ভাষা অনুবাদ করা যাবে। বিশেষত ভিন দেশে গেলে বা ভারতের বিভিন্ন প্রান্তে যেখানে ভাষা বুঝতে অসুবিধা হতে পারে, সেখানে এই অ্যাপটি অত্যন্ত কাজের।
ট্রেল ওয়ালেট: এই অ্যাপটিও তৈরি হয়েছে আয়-ব্যায়ের হিসাব রাখার জন্য। অফলাইনে এতে কাজ করা যায়। কত টাকা সঙ্গে রয়েছে, কোন খাতে কত খরচ হচ্ছে প্রতি দিন সেই হিসাব এতে রাখা সহজ হয়। বিশেষত বেড়াতে গেলে যেখানে টাকা-পয়সার হিসাব রাখা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেখানে এই অ্যাপটি বিশেষ কাজের হতে পারে।
হিয়ার উই গো: বিশ্বের একাধিক দেশের বিস্তারিত ম্যাপ, রাস্তাঘাট দেখায় অ্যাপটি। মোবাইল ডেটা ছাড়াই বিশেষ স্থানের গলি, রাস্তা সবটাই দেখিয়ে দিতে পারে অ্যাপ। গণপরিবহণের রাস্তা, কত ক্ষণ সময় লাগে সেই সংক্রান্ত তথ্যও মেলে এই অ্যাপে।