এক দল ভূত এসে তোলপাড় ফেলে দিয়েছিল কলকাতায়। সেটা ২০১২ সাল। উইটি সংলাপ, স্মার্ট মেকিং। বহু দিনের পরিচিত অভিনেতারা কী যেন এক সোনার কাঠির ছোঁয়ায় ধরা দিয়েছিলেন একে বারে অন্য ভাবে। বাংলা ছবির মরা গাঙে এল নতুন জোয়ার। দর্শক মন্ত্রমুগ্ধ। বক্সঅফিসের লক্ষ্মীলাভ। শুধু ভূতেদের নয়, বাংলা সিনেমার ভবিষ্যৎও সে দিন স্পষ্ট হয়েছিল অনেকটাই। খোঁজ পড়েছিল নেপথ্য কারিগরের। বাংলা ছবির দর্শকের সঙ্গে অনীক দত্তের সেই প্রথম মোলাকাত। সেই ‘ভূতের ভবিষ্যৎ’ থেকে ‘যত কাণ্ড কলকাতাতেই’— অনীক এই বাংলার মায়াভরা পথেই হেঁটে যেতে চেয়েছিলেন নানা আঙ্গিকে। তবে শুধু রূপসী বাংলা নয়, তাঁর চোখে পড়েছিল বাংলার ত্রস্ত নীলিমাও। অনীক তাই নিজেকে খুঁজেছেন, খুঁড়েছেন, আর দর্শককে পৌঁছে দিয়েছেন ভাবনার গন্তব্যে।