Viral Video

অনুসন্ধান কেন্দ্রের কাউন্টারে লম্বা ভিড়, ভিতরে নাক ডেকে সুখনিদ্রায় রেলকর্মী! ভিডিয়ো ছড়াতেই প্রতিক্রিয়া দিল রেল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রেলের অনুসন্ধান কেন্দ্রের ভিতরে কর্তব্যরত অবস্থায় চেয়ারে বসে গভীর ঘুমে আচ্ছন্ন রেলকর্মী। এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে অনুসন্ধান কাউন্টারের কেরানি নিদ্রামগ্ন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১২:০৮

ছবি: সংগৃহীত।

রেলের অনুসন্ধান কেন্দ্রে লম্বা লাইন। প্রত্যেকেই দরকারি তথ্য জানার জন্য ভিড় করেছেন কাউন্টারে। প্রত্যেকেই ট্রেন মিস্‌ করার ভয়, গন্তব্যে পৌঁছোতে না পারার দুশ্চিন্তা নিয়ে ভিড় জমিয়েছেন সেখানে। এত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা নিয়ে কোনও হেলদোল নেই রেলকর্মীর। যাত্রীদের সাহায্য করার বদলে রেলকর্মী যা করছিলেন তারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভিডিয়োটি বিহারের পটনার। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচা়ই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রেলের অনুসন্ধান কেন্দ্রের ভিতরে কর্তব্যরত অবস্থায় চেয়ারে বসে গভীর ঘুমে আচ্ছন্ন রেলকর্মী। ‘লইয়ার_কল্পনা’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে অনুসন্ধান কাউন্টারের কেরানি নিদ্রামগ্ন। কাউন্টারের বাইরে যাত্রীরা ভিড় করে দাঁড়িয়ে আছেন। হালকা ঘুম বা ঝিমুনি নয়, নাক ডেকে ঘুমোতে দেখা গিয়েছে রেলকর্মীকে। বাইরে থাকা যাত্রীরা তাঁকে বহু বার ডাকা সত্ত্বেও ঘুম ভাঙছে না তাঁর। ভিডিয়োয় এক যাত্রীকে বাইরে থেকে ‘স্যার, স্যার’ বলে ডাকতেও শোনা গিয়েছে। ভিডিয়োটি যিনি ক্যামেরাবন্দি করছিলেন তাঁকে বলতে শোনা যায়, ‘‘দেখুন, এটা পটনা জংশন। এখানে অনেক ভিড়। আর ইনি দিব্যি ঘুমোচ্ছেন।’’

এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া ভিডিয়োটি নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক তুঙ্গে। ভিডিয়োটি বহু মানুষের নজরে পড়তেই মন্তব্য ও প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। ৮ হাজার লাইক পড়েছে তাতে। নেটাগরিকদের মতে, বিহারের রাজধানীর সংযোগস্থল হল পটনা জংশনটি। এখানকার রেলের পরিষেবা ব্যবস্থা নিখুঁত হওয়া উচিত। রেলকর্মীদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মনোভাব অত্যন্ত উদ্বেগজনক। অনুসন্ধান কেন্দ্রের এই ভিডিয়োটিই রেলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর রেল কর্তৃপক্ষ পিএনআর ও ফোন নম্বর নিয়ে তথ্য সংগ্রহ করেন। পরবর্তী একটি এক্স পোস্টে রেল জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে, কী ব্যবস্থা রেল নিয়েছে তা এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন