Viral video

ধরা পড়ার ভয়ে রাস্তাতেই পাথর ছড়িয়ে পালালেন ট্রাকচালক, প্রবল যানজট, বেলচা হাতে সাফ করলেন পুলিশকর্মীরা!

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে ব্যস্ত সড়কের উপর দিয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ডাম্পার ট্রাক যাচ্ছে। সেটির পিছনের অংশ উঁচু হয়ে আছে এবং রাস্তার ওপর লাল পাথর ঝরে ঝরে পড়ছে। মুহূর্তের মধ্যে রাস্তার একাংশ পাথরে ভরে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৭:২৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুলিশকে নাকানিচোবানি খাইয়ে পালিয়ে গেলেন এক ট্রাকচালক। অতিরিক্ত মাল বোঝাই ডাম্পার ট্রাক ধরা পড়ার ভয়ে এমন এক কাণ্ড ঘটান তিনি যে হুলস্থুল পড়ে যায় এলাকায়। গ্রেটার নয়ডার দাদরি এলাকার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতীয় সড়কে আরটিও-র চেকিং টিমকে দেখে ওই ট্রাকচালক আতঙ্কিত হয়ে পড়েন এবং ধরা পড়া এড়াতে রাস্তায় ট্রাকে থাকা পাথর ফেলতে ফেলতে এগিয়ে চলেন। রাস্তাটি পাথরে অবরুদ্ধ হয়ে পড়ায় হাতে বেলচা নিয়ে আসরে নামে পুলিশ। সেই ভিডিয়োটিই ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ব্যস্ত সড়কের উপর দিয়ে একটি অতিরিক্ত পণ্য বোঝাই ডাম্পার ট্রাক যাচ্ছে। সেটির পিছনের অংশ উঁচু হয়ে আছে এবং রাস্তার উপর লাল পাথর ঝরে ঝরে পড়ছে। মুহূর্তের মধ্যে রাস্তার একাংশ পাথরে ভরে যায়। ফলে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ঘটেছে। অল্প সময়ের মধ্যেই বিশাল যানজট তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এক্সপ্রেসওয়ে জুড়ে। এই ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় ছিল যে, কোনও যন্ত্রের জন্য অপেক্ষা না করে পুলিশকর্মীরা নিজেরাই বেলচা তুলে নিয়ে হাতে করে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন। প্রায় দু’ঘণ্টার কঠোর পরিশ্রমের পর রাস্তা থেকে সমস্ত পাথর সরানো হয়েছিল।

ভিডিয়োটি উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করার পর তা প্রচুর মানুষ দেখেছেন। প্রায় তিন হাজার লাইক পড়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি দেখে বহু নেটাগরিকই সমালোচনা করেছেন। অনেকেই ক্ষোভপ্রকাশ করেছেন কী ভাবে পুলিশের নাকের ডগা দিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে যান ট্রাকচালকেরা। নেটাগরিকদের একাংশ এটিকে প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা বলে অভিহিত করেছেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন