viral video

কফির কাপ হাতে ভিডিয়োয় বেঁচে থাকার ‘প্রমাণ’ দিলেন নেতানিয়াহু! ডিপফেক না আসল, কী জানাল গ্রোক?

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়াতেই রবিবার আরও একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে তেল আভিভের একটি কফি শপে দাঁড়িয়ে অন্যান্য ক্রেতার সঙ্গে ইরানের যুদ্ধ সম্পর্কে ছোট ছোট কথা বলছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:১৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একটি ক্যাফেতে কফি সহযোগে বক্তৃতা করছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১৩ মার্চের পর আবার ১৫ মার্চে প্রকাশিত আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে জল্পনার ঝড় তুলেছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই নেতানিয়াহুর অবস্থান বা নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাঁকে হত্যা করা হয়েছে এমন গুজবের মধ্যে, রবিবার তেল আভিভের একটি কফি শপ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

মৃত্যুর গুজব ছড়াতেই সেই জল্পনা ওড়াতে দেখা গেল খোদ ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে। ভাইরাল সেই ভিডিয়োয় নেতানিয়াহুকে কফির কাপ হাতে বলতে শোনা গিয়েছে, ‘‘কফির জন্য আমি মরতে রাজি। আমি আমার দেশের মানুষকে ভালবাসি।’’ এর পর তিনি দুই হাতের আঙুল তুলে ক্যামেরায় দেখাতে শুরু করেন। কারণ ১৩ মার্চ ভিডিয়োটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সূত্রে দাবি উঠেছিল যে নেতানিয়াহুর ডান হাতে ছ’টি আঙুল রয়েছে। কিন্তু সেই ভিডিয়োয় ডান হাতের ছ’টি আঙুল দেখা যায়নি। ১৫ মার্চ যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দু’হাতেই পাঁচটি আঙুল ছিল। তিনি কফি শপে অন্যান্য ক্রেতার সামনে দাঁড়িয়ে ইরানের যুদ্ধ সম্পর্কে ছোট ছোট কথাও বলেছিলেন।

ভিডিয়োটি এক্স সমাজমাধ্যমে প্রকাশিত হতেই সেটি ডিপফেক দিয়ে তৈরি বলে জল্পনা শুরু হয়েছে। এক এক্স ব্যবহারকারী এক্সের চ্যাটবট গ্রোকের কাছে ভিডিয়োটির সত্যতা যাচাই করতে চেয়েছিলেন। সেই প্রশ্নের উত্তরে গ্রোক জানিয়েছে, এটি আসলে কৃত্রিম মেধা দিয়ে তৈরি একটি ভিডিয়ো। গ্রোক জানিয়েছে যে ভিডিয়োটি ‘১০০ শতাংশ ডিপফেক। নেতানিয়াহু একটি ক্যাফেতে কফি পান করছেন বাস্তবে এমন কিছুই ঘটেনি।’’ যেহেতু ভিডিয়োটি বেঞ্জামিন নেতানিয়াহুর নিজস্ব সমাজমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল, গ্রোকের প্রতিক্রিয়াটি এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন নেটাগরিকেরা। ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিভিন্ন ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে ৭৬ বছর বয়সি ইহুদি নেতা এখনও তেল আভিভেই আছেন। রবিবার, কফির ভিডিয়োটি ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্ট ইরান যুদ্ধের সময় সম্প্রচারিত একটি সংবাদের একটি ক্লিপও শেয়ার করেছে।

Advertisement
আরও পড়ুন