Viral Video

জ়িম্বাবোয়ের হোটেলে ক্ষুধার্ত কুমিরের হানা! রান্নাঘরের কাউন্টার তছনছ করে চালাল খাবারের তল্লাশি, ভাইরাল ভিডিয়ো

খাবারের সন্ধানে হিংস্র সরীসৃপটি ঢুকে গেল হোটেলে। সেখানেই থামল না। হাঁটা দিল রান্নাঘরের পথে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৩:৩০
crocodile

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খিদের জ্বালা বড় জ্বালা। পশু থেকে মানুষ, সকলকেই তা অভাবনীয় কাজ করতে বাধ্য করে। তেমনটাই ঘটল এক ক্ষুধার্ত কুমিরের সঙ্গে। খাবারের সন্ধানে হিংস্র সরীসৃপটি ঢুকে গেল হোটেলে। সেখানেই থামল না। হাঁটা দিল রান্নাঘরের পথে। রান্নাঘরের কাউন্টারে উঠে খোঁজ লাগাল খাবারের। হোটেলের কর্মীরা দেখে ভয়ও পেলেন, আবার অবাকও হলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জ়িম্বাবোয়ের আ’জ়াম্বেজ়ি রিভার লজে। শুক্রবার কুমিরটি সেই হোটেলে ঢুকে পড়ে, যেটির আকৃতি প্রায় ১২ ফুট। কিন্তু কুমিরটি কারও ক্ষতি করেনি বলে জানতে পারা গিয়েছে। কুমিরটিকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি জ়িম্বাবোয়ের জ়ামবেজ়ি নদীতে রয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শরীর দুলিয়ে এক অতিকায় কুমির হেঁটে চলেছে হোটেল লবির মধ্য দিয়ে। আশপাশে কোনও দিকে নজর নেই তার। রান্নাঘরের কাউন্টারের দিকে নজর স্থির রেখেছে হিংস্র সরীসৃপটি। কাউন্টারের কাছে পৌঁছে সে এক মুহূর্ত অপেক্ষা করল না। উঠে গেল কাউন্টারের উপর। উদ্দেশ্য একটাই, একটু খাবার খুঁজে পাওয়া। হোটেলকর্মীরা নানা রকমের আওয়াজ করে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু সফল হলেন না। কুমিরটি কাউন্টারের উপর স্থির হয়ে শুয়ে রইল। লম্বা লেজটি ঝুলে রইল মেঝের উপর। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জ়েবেডিয়েলা ভয়েস’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে আনুমানিক ১২ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা রকম মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স।

Advertisement
আরও পড়ুন