ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় যানজট এড়াতে ফুটপাতের উপর দিয়ে স্কুটার চালাচ্ছিলেন এক ব্যক্তি। ফুটপাতের অন্য দিক দিয়ে এক বৃদ্ধা একই পথে এগিয়ে আসছিলেন। ফুটপাত ধরে হাঁটার সময় স্কুটার নিয়ে তাঁর সামনে দাঁড়িয়ে পড়েন চালক। তাঁর এই আচরণে ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধা। পথ আটকে স্কুটারচালককে বকাবকি করতে শুরু করেন তিনি। স্কুটারচালক শিক্ষা পেয়ে ফুটপাত থেকে গাড়ি নামিয়ে রাস্তায় চলে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এমএন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যানজট এড়ানোর জন্য সেই ফুটপাত দিয়েই স্কুটার চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। স্কুটার নিয়ে চালক মুখোমুখি দাঁড়াতেই খেপে যান বৃদ্ধা।
রেগে গিয়ে বৃদ্ধা বলতে শুরু করেন, ‘‘ফুটপাত দিয়ে মানুষ হেঁটে যান। গাড়ি চালানোর জন্য রাস্তা রয়েছে। নিয়ম মেনে গাড়ি চালান।’’ বৃদ্ধার কথায় কান না দিয়ে স্কুটার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন চালক। বৃদ্ধাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলেন।
ফুটপাত ঘিরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘‘আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যান। দেখি কত সাহস! ছবি তুলব আমি আপনার।’’ বৃদ্ধার মেরুদণ্ডের কাছে মাথা ঝোঁকাতে হল ওই উদ্ধত পুরুষকে। স্কুটার নিয়ে বাধ্য শিশুর মতো রাস্তায় নেমে গেলেন তিনি।
সম্প্রতি এই ঘটনাটি কেরলের কোঝিকোড়ে ঘটেছে। ভিডিয়োটি দেখে বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আজকাল পুরুষদের ঔদ্ধত্য দেখেও রাস্তাঘাটে অন্যায়ের প্রতিবাদ খুব কম মহিলাই করেন। সকলেই নিজেদের জগতে ব্যস্ত। প্রতিবাদ না করে এড়িয়ে যাওয়াও অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সমতুল্য। বৃদ্ধা যে সৎ সাহস দেখিয়েছেন তার জন্য কুর্নিশ।’’