WB Elections 2026

মোদীকে মাথা ঠান্ডা রাখার বার্তা অভিষেকের

তিনি তাঁর পদমর্যাদার কথা ভুলে যাচ্ছেন কথা বলার সময়ে! বুঝে গিয়েছেন এসআইআর করেও হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:০০
সাগরের জনসভায় স্থানীয় প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাগরের জনসভায় স্থানীয় প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সমরেশ মণ্ডল।

রাজ্যে নির্বাচনী সফরে এসে জঙ্গলমহলে যখন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক তখনই গঙ্গাসাগরের একটি জনসভা থেকে তাঁকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বড়জোড়ার সভায় মোদী বলেন, "তৃণমূলের সব গুন্ডা, সব সিন্ডিকেট ও সব দুর্নীতিবাজদের শেষ সুযোগ দিচ্ছি। ২৯ এপ্রিলের আগে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। তার চেয়ে ভাল হয়, যদি ২৩ তারিখের আগেই করে নেন। কারণ, ৪ মে-র পরে আর কাউকেই রেহাই দেওয়া হবে না।"

এ দিনই গঙ্গাসাগরের ছয়েরঘেরি কালীগিরির মাঠে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা এবারের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রীকে বলব মাথা ঠান্ডা রাখুন। তিনি তাঁর পদমর্যাদার কথা ভুলে যাচ্ছেন কথা বলার সময়ে! বুঝে গিয়েছেন এসআইআর করেও হচ্ছে না। শুনলাম বলছেন, ‘তৃণমূলের লোকদের বলব থানায় যাও, সবার হিসেব হবে।’ বাংলাকে যদি সত্যি ভালবাসেন তবে বাংলার দু’লক্ষ কোটি টাকা বকেয়া বাংলার মানুষের কাছে পৌঁছে দিন। যদি বাংলার মানুষের জীবনে সত্যিই ইতিবাচক পরিবর্তন আনতে চান তাহলে ভোটের পরে কেন মোদীজী?’’ অভিষেকের দাবি, ‘‘কেন্দ্রীয় সরকারে তো আপনি রয়েছেন। মহিলাদের, যুবকদের অ্যাকাউন্টে, মৎস্যজীবীদের টাকা পাঠান। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে এই অঞ্চলে ধারাবাহিক উন্নয়ন ঘটিয়েছে রাজ্য সরকার।’’

এ দিনের সভা থেকে একাধিক সেতু নির্মাণ-সহ সাগরের উন্নয়নে অসংখ্য প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বলেন, ‘‘হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপরে প্রায় ৪০ কোটি টাকার মৎস্য বন্দর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। এই সব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি, বিশেষ করে মৎস্যজীবীদের খুব উপকার হবে।’’ মুখ্যমন্ত্রীর সুরে অভিষেকও বলেন, ‘‘বঙ্কিম হাজরাকে জেতালে সাগরের উন্নয়নের সম্পূর্ণ দায়ভার আমি নেব।’’

সাগরের বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল বলেন, ‘‘২০ বছর বিধায়ক ও মন্ত্রী থেকেও এলাকায় উন্নয়ন করতে পারেননি। বেহাল স্বাস্থ্য পরিষেবা, স্কুলগুলোতে শিক্ষক নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছে সাগরের মানুষ। ভোটের আগে গঙ্গাসাগর সেতুর নামে মিথ্যা প্রতিশ্রুতি। বিদায়ের সময় হয়েছে মন্ত্রী মশাইয়ের, শুধু সময়ের অপেক্ষা।’’

আরও পড়ুন