Saokat Molla's Cafe

ম্যানগ্রোভ কেটে ক্যাফে! শওকত-পুত্র ইমরানকে নোটিস প্রশাসনের, দলিল দেখাতে না পারলে চলবে বুলডোজ়ার

তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতে নোটিস দিয়েছেন ক্যানিংয়ের এসডিও। ১৮ মে শুনানিতে উপযুক্ত দলিল নিয়ে হাজির হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২২:৫২
শওকত মোল্লার পুত্রে ক্যাফেতে নোটিস প্রশাসনের।

শওকত মোল্লার পুত্রে ক্যাফেতে নোটিস প্রশাসনের। —নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চরে তৈরি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিলাসবহুল ক্যাফে ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিস্ফোরণ মামলায় বাবাকে খুঁজে খুঁজে ধরেছে এনআইএ। তার মধ্যে ছেলের বিতর্কিত ক্যাফেতে নোটিস দিয়ে গেল জেলা প্রশাসন। নোটিসে বলা হয়েছে, আগামী ১৮ জুন শুনানিতে উপযুক্ত দলিল না মিললে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে ইমরানের ক্যাফে।

Advertisement

রাজনৈতিক পালাবদলের পর ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকতের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। আলোচনায় উঠে আসে পুত্রের বিশাল ক্যাফে। মাতলা নদীর চরে বেআইনি ভাবে এই ক্যাফে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। যদিও শওকত জানিয়েছিলেন এই ক্যাফে তৈরির জন্য তিনি জায়গা কিনেছিলেন।

বিতর্ক থামেনি। অভিযোগ, ক্যানিং-১ ও ক্যানিং-২ ব্লক সংযোগকারী মৌখালি সেতু সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ কেটে ক্যাফে তৈরি করেছেন প্রাক্তন বিধায়কের পুত্র। সেই সেই ক্যাফেতেই শুক্রবার আইনি নোটিস পাঠালেন ক্যানিংয়ের মহকুমাশাসক প্রণব মালিয়ে। দুপুরে জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ক্যাফের গায়ে নোটিস ঝুলিয়ে যান প্রশাসনের লোকেরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ই জুন ক্যানিং এসডিও অফিসে এই বিষয়ে একটি শুনানির ডাক দেওয়া হয়েছে। সেখানে শওকত মোল্লার ছেলেকে হাজির হয়ে জমির সমস্ত বৈধ কাগজপত্র ও উপযুক্ত দলিল দেখাতে হবে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুনানির দিন যদি ভূমি ও ভূমি সংস্কার দফতর সংক্রান্ত সঠিক নথি বা বৈধ কাগজের প্রমাণ না মেলে, ওই ক্যাফেটি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন