Adhir Chowdhury

মুর্শিদাবাদের উন্নয়ন চেয়ে অর্থমন্ত্রীকে অধীরের চিঠি

কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীরের বক্তব্য, ‘দীর্ঘ দিনের অবহেলার ফলে মুর্শিদাবাদের মানুষ পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থার দাবি তুলছেন।’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৭:৩৮
অধীর চৌধুরী।

অধীর চৌধুরী। — ফাইল চিত্র।

জেলায় বিমানবন্দর তৈরি, নদী ভাঙন রুখতে ব্যবস্থা-সহ মুর্শিদাবাদের উন্নয়ন সংক্রান্ত নানা দাবি তুলে ফের সরব হলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই সমস্ত বিষয়ে রাজ্য বাজেটে যাতে বরাদ্দ হয়, সেই দাবিতে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে লিখিত আর্জি জানিয়েছেন অধীর। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীরের বক্তব্য, ‘দীর্ঘ দিনের অবহেলার ফলে মুর্শিদাবাদের মানুষ পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থার দাবি তুলছেন।’ এই সূত্র ধরেই জেলায় বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় তৈরি, নদী ভাঙন রোধে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, পাট শিল্পের আধুনিকীকরণের জন্য আলাদা তহবিল গঠন, দক্ষতা উন্নতিতে প্রতিষ্ঠান তৈরি, পর্যটনে নজর দেওয়ার দাবি তুলেছেন অধীর। পাশাপাশি, রেল প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি যে রেল ও সেলের সহযোগিতায় বহরমপুরে রেলের কোচ কারখানা তৈরির বিষয়ে পদক্ষেপ করেছিলেন, তা স্মরণ করিয়ে দিয়ে অধীরের আর্জি, ‘এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের বাজেটে সমন্বয় থাকলে এবং শিল্প সাহায্য দেওয়া হলে বিপুল কর্মসংস্থান হতে পারে।’

আরও পড়ুন