মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু'দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ মার্চ প্রথমে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। পরে ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ অর্খাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও ২৮০ কোম্পানি— ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি।
আগামী ২৮ ফেব্রুয়ারি ুপশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ভোটার তালিকা প্রকাশের কথা। ঘটনাচক্রে তার পর দিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল আট দফায়। রাজ্য প্রশাসনকে আগেই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথগুলিকে চিহ্নিত করতে বলেছিল নির্বাচন কমিশন। জ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরেই। সিইও দফতর এ রাজ্যে এক দফাতেই নির্বাচন আয়োজন করার পক্ষপাতী। তারা ইতিমধ্যে সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। কমিশনের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।