Auto LPG Price

ভোট মিটতেই ফের দাম বাড়ল অটো-এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা যাত্রীদের! রাস্তায় অটো নামানো নিয়ে চিন্তায় চালকেরাও

জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় অটোর ভাড়াও ফের বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। পরিষেবা সচল রাখা নিয়ে চিন্তিত অটোচালকদের একাংশ। অটোর ভাড়া ফের বৃদ্ধি করলে যাত্রী পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১০:০৩
অটোর জ্বালানির দাম ফের বৃদ্ধি পেল।

অটোর জ্বালানির দাম ফের বৃদ্ধি পেল। — ফাইল চিত্র।

ভোট মিটতেই ফের বৃদ্ধি পেল অটো চালানোর জন্য ব্যবহৃত এলপিজির দাম। ১ মে থেকে অটো-এলপিজির দাম লিটারপিছু ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। অটো চালানোর জন্য ব্যবহৃত জ্বালানির দাম এত দিন ছিল ৮২ টাকা ৯৬ পয়সা। শুক্রবার থেকে তা বৃদ্ধি পেয়ে হল ৮৯ টাকা৪০ পয়সা।

Advertisement

গত জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে মোট ৩৭ টাকা ৭৫ পয়সা বৃদ্ধি পেয়েছে অটো-এলপিজির দাম। জানুয়ারিতে অটো-এলপিজির লিটারপিছু দাম ছিল ৫১ টাকা ৬৫ পয়সা। ফেব্রুয়ারিতে তা বৃদ্ধি পেয়ে হয় ৫৭ টাকা ৬৮ পয়সা। মার্চে দু’দফায় বৃদ্ধি পায় দাম। প্রথমে ১১ মার্চ লিটারপিছু অটো-এলপিজির দাম বেড়ে হয় ৬২ টাকা ৬৮ পয়সা। এর পরে ২০ মার্চ ফের একদফা দাম বৃদ্ধি পায়, হয় ৭০ টাকা ৬৮ পয়সা। গত মাসে, ১ এপ্রিল তা আবার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮২ টাকা ৯৬ পয়সা।

এপ্রিলের শুরুতে এক বার দাম বৃদ্ধির পর ভোটের মাসে আর নতুন করে দাম বৃদ্ধি হয়নি অটো-এলপিজির। এ বার ভোটগ্রহণ পর্ব মিটতেই ফের ৬ টাকা ৪৪ পয়সা দাম বাড়ল। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় অটোর ভাড়াও ফের বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা। নিত্যদিন বিধাননগর স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড় পর্যন্ত যাতায়াত করেন ঋষভ পাল। অফিসে সময়ে পৌঁছোনোর জন্য বাসের তুলনায় অটোয় যাতায়াতই বেশি পছন্দ করেন তিনি। কিন্তু অটো এলপিজি-র দাম বৃদ্ধি পেতেই উদ্বেগ দানা বেঁধেছে তাঁর মনে। তিনি বলেন, “একেই তো রাতের দিকে অটো ঠিকঠাক পাওয়া যায় না। সকালের দিকে যে অটো ৪০ টাকা ভাড়া নেয়, রাতে সেই একই রুটে হয়ে যায় ৫০ টাকা। তার উপর এখন যদি অটোর ভাড়া আবার বেড়ে যায়, তা হলে বিকল্প কিছু ভাবতে হবে।”

যাত্রী পরিষেবা নিয়ে চিন্তিত অটোচালকদের একাংশও। অটোর ভাড়া ফের বৃদ্ধি করলে যাত্রী পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, জ্বালানির এই খরচে অটো রাস্তায় নামানোই মুশকিল। অথচ না নামালে আয় হবে না। এক অটোচালক বলছেন, “গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছে। এর পরে গাড়ি আর চালানোই যাবে না। এখন যদি আমরা দাম বাড়িয়েই যায়, প্যাসেঞ্জারেরা আর কত দেবে!”

মে মাসের শুরু থেকে বৃদ্ধি পেয়েছে রান্নার জন্য বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও। সিলিন্ডারপিছু দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতেই জানানো হয়, মে মাস থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ৩২০২ টাকা। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে।

Advertisement
আরও পড়ুন