কুলটিতে জাতীয় সড়কের পাশে আবর্জনা। নিজস্ব চিত্র।
১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি বিধানসভার অন্তর্গত চৌরঙ্গি মোড় সেতু সংলগ্ন আসানসোলগামী রাস্তার ধারে আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। চলাচলের সময় হাওয়ায় উড়ে এসে নোংরা শরীরে লাগছে বলেও অভিযোগ। এর ফলে পথচারী ও যানবাহন চালকেরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মুখে-নাকে কাপড় চাপা দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই এলাকায় ময়লা ফেলা বন্ধ করতে সচেতনতা প্রচার চালিয়েছেন এবং জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরেদেওয়া হয়েছে। তার পরেও আশপাশের কিছু অনুষ্ঠান বাড়ি, হোটেল এবং বাইরে থেকে আসা ট্রাক-চালকেরা পচা আনাজ-ফল সহ বিভিন্ন আবর্জনা, পশু মরা ফেলে যাচ্ছেন। কর্তৃপক্ষের তরফে নজরদারি বাড়ানোর পাশাপাশি যাঁরা এই কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি জায়গাটি আরও কংক্রিট ব্লক দিয়ে ঘেরা হবে। স্থানীয় বাসিন্দা অমর বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যস্ত রাস্তায় যাতায়াতের সময় ময়লা উড়ে শরীরে লাগছে। দুর্গন্ধে শ্বাস নেওয়া দায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আরও সজাগ হতে হবে।”
গাড়ি চালক রবীন্দ্রনাথ দাস জানান, রাস্তার এই অংশ পেরনোর সময় দুর্গন্ধে মুখে কাপড় বেঁধে গাড়ি চালাতে হয়। হাওয়া হলে নোংরা ময়লা উড়ে এসে শরীরে লাগে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ নজরদারি চালালে সকলের স্বস্তি মিলবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক প্রিয়াংশু সিংহ বলেন, “জায়গাটি ভাল ভাবে কংক্রিটের ব্লক দিয়ে ঘেরা হবে। নজরদারি চলছে। এলাকার কিছু হোটেল, আনাজের গাড়ি থেকে আবর্জনা ফেলা হচ্ছে। প্রয়োজনে পুলিশ, প্রশাসনকেজানানো হবে।