BJP

পরিবর্তনের লক্ষ্যে পাঁচ হাজার কিমি যাত্রা বিজেপির

রাজ্য বিজেপি জানিয়েছে, ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কুলটি, গড়বেতা, কৃষ্ণনগর দক্ষিণ, রায়দিঘি এবং পরের দিন ইসলামপুর, সন্দেশখালি, হাসান, আমতা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে ১ মার্চ থেকে রাজ্য জুড়ে ন’টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মঙ্গলবার জানিয়েছেন, এই যাত্রা ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ব্রিগেড ময়দানে শেষ হবে। সূত্রের দাবি, ব্রিগেড সমাবেশে বক্তা হিসাবে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রা উপলক্ষে রাজ্যে আসার কথা বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদেরও।

রাজ্য বিজেপি জানিয়েছে, ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কুলটি, গড়বেতা, কৃষ্ণনগর দক্ষিণ, রায়দিঘি এবং পরের দিন ইসলামপুর, সন্দেশখালি, হাসান, আমতা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। দোল উপলক্ষে ৩, ৪ মার্চ যাত্রা বন্ধ থাকবে। ৫ থেকে ১০ মার্চ রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা ঘুরে যাত্রা শেষ হবে। যাত্রা চলাকালীন ৬০টি বড় ও ৩০০টি ছোট জনসভা হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক এ দিন দলের বিধাননগরের দফতর থেকে বলেছেন, “তৃণমূল কংগ্রেস সরকারের উপরে মানুষ বিরক্ত। সরকার মানুষের মৌলিক, নাগরিক অধিকার বাজেয়াপ্ত করেছে। সরকারটা চলে গিয়েছে। সেই চলে যাওয়াকে মসৃণ করতেই এই কর্মসূচি।”

পরিবর্তন যাত্রার উদ্বোধক হিসাবে রাজ্যে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি জগৎপ্রকাশ নড্ডা, রাজনাথ সিংহ, শিবরাজ সিংহ চৌহান, নিতিন গড়কড়ি, ধর্মেন্দ্র প্রধানদের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের। আসার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও।

এ দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীকের উপস্থিতিতে এ দিন চার জন বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরা প্রাক্তন নিরাপত্তা আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী, বাম আমলের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী, বিপ্লব বিশ্বাস, অক্ষয় বিনজরাজকা। প্রসঙ্গত, ক্ষিতির বড় মেয়ে বসুন্ধরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি হয়েছেন। প্রসঙ্গত, নীতিগত ভাবে বিজেপি এ বার শাসক শিবিরের নেতাদের দলে যোগদান না-করানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশিষ্টদের ক্ষেত্রে সেই নীতি নেই।

আরও পড়ুন