মোথবাড়িকাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম। ফাইল চিত্র।
মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ দু’জনকে বৃহস্পতিবার জামিন দিল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত। ১ এপ্রিল এসআইআর-এর কাজে নিযুক্ত সাত বিচারককে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে আটকে রাখে এক দল উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ হয়। এই মামলার তদন্তভার যায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে। মোট ১২টি মামলায় ৬৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ দিন আদালতে মোফাক্কেরুল এবং এক্রামুল বাগানির জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী ইমতিয়াজ় আহমেদ। জামিনের আর্জি মঞ্জুর করেন বিচার ভবনের মুখ্য বিচারক সুদীপ্তকুমার দে। ইমতিয়াজ় বলেন, ‘‘মোফাক্কেরুল এবং বাগানির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তিনটি মামলায় আগেই দু’জন জামিন পেয়ে গিয়েছেন। চার নম্বর মামলাটিতেও দু’জন জামিন পেয়ে যাওয়ায় তাঁরা সংশোধনাগার থেকে বেরিয়ে আসতে চলেছেন।’’ মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই চারটি মামলায় চার্জশিট পেশকরেছে এনআইএ। চার্জশিটগুলিতে মোফাক্কেরুল-সহ ৩১ জনের নাম রয়েছে। মোথাবাড়ি থানার দু’টি মামলায় এবং কালিয়াচক থানার দু’টি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে বলে আদালত সূত্রের খবর।