Yoga on Red Road

যোগ দিবসের অনুষ্ঠান হবে রোডেই! হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট, পথ খালি করতে হবে ২১ জুনের পরই

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোড বন্ধের নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। সেই নির্দেশিকার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল আইনজীবীদের একটি সংগঠন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৪:০৬
রেড রোডে যোগ দিবস অনুষ্ঠানের প্রস্তুতি। ছবি: পিটিআই।

রেড রোডে যোগ দিবস অনুষ্ঠানের প্রস্তুতি। ছবি: পিটিআই।

আগামী ২১ জুন রেড রোডেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। ফলে রাজপথে আপাতত এই অনুষ্ঠানে কোনও বাধা রইল না। রেড রোড বন্ধ রাখার সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। কোনও ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত। তবে জনস্বার্থে পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জুনের কর্মসূচি শেষ হওয়ার পর রেড রোড স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দিতে হবে বলেও নির্দেশ আদালতের। কেন এত দিন রাস্তা বন্ধ রাখা হল, তার জন্য হলফনামা জমা দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

প্রসঙ্গত, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোড বন্ধের নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। বুধবার সেই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হয়েছিল আইনজীবীদের একটি সংগঠন। মামলা দায়ের করার অনুমতি এবং দ্রুত শুনানি আর্জি জানিয়ে হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে তারা। ওই সংগঠনের দাবি, সাত দিন ধরে রাস্তা বন্ধ থাকার ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই রেড রোড পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে রাস্তা ব্যবহারের নির্দেশ দিক আদালত। তার পরই মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি।

প্রসঙ্গত, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে ওই কর্মসূচি হবে। মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই কর্মসূচির জন্য রেড রোড সাত দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। গত রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত ২টো থেকে এজেসি বোস রোড, মৌলালির মোড়, সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট যাওয়ার পথে, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণে জিসি অ্যাভিনিউ যাওয়ার পথেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর জওহরলাল নেহরু রোডের উভমুখী লেনেই পণ্যবাহী যান চলাচল ওই সময়ের জন্য বন্ধ রাখবে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড এবং এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড-মেয়ো রোড ধরে যেতে বলা হবে। দক্ষিণমুখী যানবাহন রেড রোড এড়িয়ে মেয়ো রোড ক্রসিং হয়ে ডাফরিন ধরে যাবে। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে ট্রাফিক পুলিশ গাড়়িগুলিকে অপেক্ষাকৃত ছোট রাস্তা দিতে ঘুরিয়ে দিতে পারে।

Advertisement
আরও পড়ুন