অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আবেদনে সাড়া দিল না কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গ্রেফতারি এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আগাম জামিন চেয়ে মামলা করেছিলেন তিনি। সেই মামলা জরুরি ভিত্তিতে শোনার আবেদন ছিল সুমিতের। কিন্তু মঙ্গলবার কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিল। জানাল, নিয়মিত বেঞ্চেই শুনানি হবে সুমিতের মামলার।
জোড়া মামলাতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল সুমিতের বিরুদ্ধে। তবে ‘অন্তরালে’ থেকেই হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন অভিষেকের আপ্তসহায়ক। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল। তবে মঙ্গলবার বিচারপতি সেনগুপ্ত না-আসায় অন্য বেঞ্চে ওই মামলা জরুরি ভিত্তিতে শোনার আবেদন করেছিলেন সুমিতের আইনজীবী।
মঙ্গলবার দিনের শুরুতে বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন সুমিতের আইনজীবী। তখন বিচারপতি জানান, দুপুর ২টোর পর আবার মামলাটি ‘মেনশন’ করার জন্য। দুপুর ২টোর পর বিচারপতি ঘোষের এজলাসে বিষয়টি ওঠে। আবেদন শোনার পর এই মামলায় জরুরি হস্তক্ষেপ করলেন না বিচারপতি ঘোষ। তিনি জানান, নিয়মিত বেঞ্চে অর্থাৎ বিচারপতি সেনগুপ্তের এজলাসেই এই মামলার শুনানি হবে।
শালবনিতে জমি দুর্নীতি মামলা, গড়বেতায় চাকরির নামে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের আপ্তসহায়কের। গত কয়েক দিন ধরেই সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনও। এমনকি তাঁর খোঁজে অভিষেকের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ। জানা গিয়েছিল, সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার তাঁরা পেয়েছিলেন অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরেই অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। যদিও সেখানে তাঁর খোঁজ মেলেনি। সুমিতের খোঁজ না-পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। তাদের আবেদনের ভিত্তিতে সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত।