Suvendu Adhikari in Mayapur

মায়াপুর ইস্কনে মুখ্যমন্ত্রী শুভেন্দু! বিজেপি সরকার গড়ার পরে এই প্রথমবার, গোমাতার পুজো করে সাধুসন্তদের সঙ্গে নিয়ে গো-সেবা

মায়াপুরে পৌঁছে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তার পরে পৌঁছে যান ইস্কনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১১:৪৭
মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

মঙ্গলবারের পর বৃহস্পতিবার ফের নদিয়া জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’দিন আগেই নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। এ বার তিনি গেলেন মায়াপুর ইস্কনে। মু‌খ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম বার মায়াপুর ইস্কনে গেলেন শুভেন্দু।

Advertisement

ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে মায়াপুরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা দেন মায়াপুরের উদ্দেশে। সকাল ১১টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে তিনি সোজা পৌঁছে যান ইস্কনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী।

গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এই কর্মসূচি শেষে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে যাবেন তিনি। সেখানেও বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসবেন তিনি।

বৃহস্পতিবার মায়াপুরে গোমাতার পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার মায়াপুরে গোমাতার পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

মুখ্যমন্ত্রীর ইস্কন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী ইস্কনে পৌঁছোনোর আগে থেকেই সেখানে দৃশ্যত উৎসবের মেজাজ দেখা যায়। কীর্তনের তালে তালে শুভেন্দুকে স্বাগত জানানো হয় ইস্কনে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ইস্কন সফরে গোমাতার সেবা এবং হোমযজ্ঞে অংশগ্রহণ দৃশ্যত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দৃশ্যত আধ্যাত্মিক এই সফরের রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ, নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে মায়াপুরে ইস্কনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সময়ে তাঁর সফরসঙ্গী ছিলেন শুভেন্দুও।

উল্লেখ্য, এর আগে বেলুড় মঠ দর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ২১ মে বেলুড়ে গিয়ে মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। বেলুড় মঠ থেকে তাঁকে স্বামী বিবেকানন্দের বই এবং ফুলের তোড়া উপহার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওই সফরেও স্বামীজির আদর্শের কথা তুলে ধরেন। জানান, শিক্ষা, স্বাস্থ্য, সেবা এবং আধ্যাত্মিকতার প্রসার হওয়া দরকার। এ বার মায়াপুর সফর থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে গোটা রাজ্যে।

Advertisement
আরও পড়ুন