Governor R.N. Ravi & CM Mamata Banerjee

লোকভবনে মুখোমুখি বৈঠকে রাজ্যপাল রবি এবং মুখ্যমন্ত্রী মমতা, বৈঠকের পর জল্পনায় ভোট-পর্বের আইনশৃঙ্খলা

প্রাক্তন রাজ্যপালের ইস্তফার পর ১২ মার্চ কলকাতায় আসেন রবীন্দ্র নারায়ণ রবি। পর দিন, অর্থাৎ ১৩ মার্চ লোকভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২০:১৫
CM Mamata Banerjee met with Governor R.N. Ravi at Lok Bhavan

রাজ্যপাল আরএন রবির সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার লোক ভবনে। ছবি: সংগৃহীত।

মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় গেলেন লোকভবনে। সেখানে নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজ্যের বর্তমান এবং ভোট-পর্বের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে দু’জনের মধ্যে।

Advertisement

উল্লেখ্য, প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পদত্যাগ করার পর ১২ মার্চ কলকাতায় আসেন রবি। পর দিন, অর্থাৎ ১৩ মার্চ লোকভবনেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সে দিন সংক্ষিপ্ত কথোপকথন হলেও, শনিবারের এই বৈঠকে দীর্ঘ সময় মুখোমুখি আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ এবং এডিজি (আইনশৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে। লোকভবন সূত্রে জানা যায়, প্রায় আধ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন রাজ্যপাল।

দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সেটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পরে লোকভবনের তরফে সেই বৈঠকের কথা জানানো হলেও, মুখ্যমন্ত্রীর সঙ্গে শনিবারের বৈঠক নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে স্বাভাবিক ভাবেই এই বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
আরও পড়ুন