SIR Voter List 2026

নৈহাটির কাউন্সিলরের নাম বাদ, বিবেচনাধীন তালিকায় বীরভূমের সভাধিপতি, আমডাঙার বিধায়ক ও সন্দেশখালির বিডিও

শনিবার বিকেলের পর সাংবাদিক বৈঠক করে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন রাজ্যের নির্বাচনী আধিকারিকের (সিইও) মনোজ আগরওয়াল। সেই তালিকা অনুযায়ী, আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭
Complaints are being raised about the final voter list of the first phase

(বাঁ দিকে) কাজল শেখ এবং রফিকুর রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। তবে সেই তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে বিভিন্ন জায়গা। বাদের তালিকায় খোদ কাউন্সিলর এবং তাঁর মায়ের নাম! আমডাঙার তিন বারের বিধায়কের নাম ‘বিবেচনাধীন’। এ ছাড়াও, বীরভূম জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি কাজল শেখ এবং তাঁর মায়ের নামও রয়েছে ওই একই তালিকায়!

Advertisement

শনিবার বিকেলের পর সাংবাদিক বৈঠক করে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন রাজ্যের নির্বাচনী আধিকারিকের (সিইও) মনোজ আগরওয়াল। সেই তালিকা অনুযায়ী, আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম! খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। সেই তালিকায় রয়েছেন নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারের নাম। শুধু তাঁর একার নয়, বাদ পড়েছে তাঁর মা আরতি সরকারের নামও।

শনিবারের প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় ‘ক্যাটেগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ লেখা হয়েছে। নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের তালিকায় লেখা ‘বিচারাধীন’। এ ছাড়া, যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে। জেলায় জেলায় যে তালিকা পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে সুশান্ত এবং আরতির নামের পাশে লেখা ‘ডিলিটেড’!

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বীরভূমে বাদ পড়েছে ১২ হাজার নাম। তবে বিচারাধীন ১ লক্ষ ৬০ হাজার। সেই বিচারাধীনের তালিকায় রয়েছে বীরভূমের তৃণমূল নেতা কাজলের নাম। তাঁর মায়ের নামের পাশেও লেখা ‘বিচারাধীন’। উত্তর ২৪ পরগনার আমডাঙার তিন বারের বিধায়ক রফিকুর রহমানের নামও সেই একই তালিকায় রয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল।

শুধু বিধায়ক বা কাউন্সিলর নয়, চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ বিডিও-ও। সন্দেশখালি-১ ব্লকের বিডিও সায়ন্তন সেনের নাম রয়েছে সেই তালিকায়। তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৯৩ নম্বর বুথের ভোটার। সায়ন্তন বলেন, ‘‘ভোটার লিস্টে আমার নামের পাশে বিচারাধীন রয়েছে। কী আর করা যাবে। যা হয়েছে সেটা তো মেনে নিতে হবে। পরবর্তী পর্যায়ে যা যা পদক্ষেপ আছে সেগুলি সেই ভাবে মেনে কাগজপত্র দাখিল করব।’’

এসআইআরের কাজে যুক্ত থাকা বেশ কয়েক জন বিএলও-র নামও ‘বিচারাধীন’। পূর্ব বর্ধমানের কাটোয়া-১ ব্লকের একাধিক বিএলও সেই চিন্তায় ভুগছেন। তালিকায় রয়েছেন কাটোয়া বিধানসভার ১২ নম্বর বুথের বিএলও আয়েশা খাতুন, ১০ নম্বর বুথের বিএলও আতিয়ার রহমান। এ ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও কয়েক জন বিএলও-ও একই সমস্যার সম্মুখীন হয়েছেন।

যদিও তালিকা প্রকাশের সময় রাজ্যের সিইও স্বীকার করে নিয়েছেন, ‘কিছু ভুলভ্রান্তি’ হয়েছে। পাশাপাশি তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন, এই বিরাট প্রক্রিয়ায় এই ভুল নিতান্তই সামান্য। মনোজ এ-ও জানিয়েছেন, যেখানে যেখানে ভুল হয়েছে, সেখানে সেখানেই কমিশন পদক্ষেপ করেছে।

Advertisement
আরও পড়ুন