Higher Secondary Exams

এসআইআর আবহে উচ্চ মাধ্যমিকে গার্ড নিয়ে চিন্তা

তিনটে ধাঁচের পরীক্ষায় বসবেন মোট ৭১০৮১১ জন। অতিরিক্ত শিক্ষক জোগানোর হিসেবটা জেলা স্কুল পরিদর্শক জানাবেন। থানা থেকে প্রশ্নপত্র এনে তা বণ্টন থেকে নানাগুরু দায়িত্বে থাকেন সেন্টার ইনচার্জেরা। তাঁরাও অনেকে এসআইআরের কাজে ব্যস্ত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এসআইআর আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গার্ড নিয়ে সঙ্কটে পড়েছে উচ্চ মাধ‍্যমিক শিক্ষা সংসদ। এ বার চালু হওয়া সিমেস্টার পদ্ধতির পরীক্ষা, গত সিমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ‍্যক্রমে পুরনো পদ্ধতির পরীক্ষার জন‍্য বাড়তি অন্তত ৭০০০ শিক্ষক লাগবে বলে সংসদ জানাচ্ছে। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হবে।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক গার্ড দেবেন। এ বার ৩৬ হাজারের কিছু বেশি শিক্ষক গার্ড দিতে লাগবে। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের নেওয়া হলেও তাঁরা অনেকে বিএলওর কাজে ব‍্যস্ত রয়েছেন। এই নিয়ে বিকাশ ভবনের সঙ্গে আলোচনা করেছি।

তিনটে ধাঁচের পরীক্ষায় বসবেন মোট ৭১০৮১১ জন। অতিরিক্ত শিক্ষক জোগানোর হিসেবটা জেলা স্কুল পরিদর্শক জানাবেন। থানা থেকে প্রশ্নপত্র এনে তা বণ্টন থেকে নানাগুরু দায়িত্বে থাকেন সেন্টার ইনচার্জেরা। তাঁরাও অনেকে এসআইআরের কাজে ব্যস্ত। এই পরিস্থিতিতে সব কিছু সামাল দেওয়া নিয়ে আজ, মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবে সংসদ। তবে চিরঞ্জীবের দাবি, সব কিছু সুষ্ঠু ভাবেই হবে।

ধন্দ এড়াতে ঠিক হয়েছে চতুর্থ সিমেস্টারের প্রশ্নপত্রের রং সাদা, তৃতীয় সিমেস্টারের হলুদ এবং পুরনো পাঠ্যক্রমের প্রশ্নপত্রের রং হবে নীল। চতুর্থ সিমেস্টার ও পুরনো পাঠ‍্যক্রমের পরীক্ষা বেলা ১০টা এবং তৃতীয় সিমেস্টারের পরীক্ষা বেলা একটায় শুরু হবে। পরীক্ষার্থীদের মধ‍্যে প্রায় ৮০ হাজার বেশি ছাত্রী রয়েছেন। সিমেস্টারের পরীক্ষার্থীরা কোনও বৈদ্যুতিন সরঞ্জাম ব‍্যবহার করতে পারবেন না। পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিলে অবশ‍্য ক্যালকুলেটর নিয়েঢোকা যাবে।

আরও পড়ুন