SIR in West Bengal

শনিবারই বিএলও-দের কাছে দেখা যাবে না এসআইআরের চূড়ান্ত তালিকা! কোথায়, কী ভাবে দেখতে হবে, জানাল কমিশন

রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। এসডিও, ডিইও, বিডিও দফতরেও থাকবে তালিকার হার্ডকপি। ভোটারেরা সেখানে গিয়ে দেখতে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০

— প্রতীকী চিত্র।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার। ওই দিনই বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের কাছে চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে না। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, ভোটারদের তা দেখতে হবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে। এমনটাই জানিয়েছে রাজ্য সিইও দফতর। এ ছাড়া বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে ডিএম অফিসেও। এসআইআরের খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল, তখন তা বুথে গিয়ে বিএলও-দের কাছে দেখা গিয়েছিল। চূড়ান্ত তালিকায় বুথে দেখার সুবিধা এখনই থাকছে না।

Advertisement

কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা বুথেই প্রকাশ করতে হবে, নিয়মে নির্দিষ্ট করে এমন কিছু বলা নেই। তবে পরবর্তীকালে তালিকা দেওয়া হবে। শনিবার দুপুরের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে অ্যাপ এবং ওয়েবসাইটে। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। এসডিও, ডিইও (জেলা নির্বাচনী আধিকারিকদের), বিডিও দফতরেও থাকবে তালিকার হার্ডকপি। ভোটারেরা সেখানে গিয়ে দেখতে পাবেন।

আপাতত এই তালিকা থেকে পাঁচ থেকে ছ’লক্ষ নাম বাদ যাওয়ায় হিসাব পাওয়া গিয়েছে। তবে তালিকা প্রকাশ হওয়ার পরেই সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। শুক্রবার থেকেই তালিকা ছাপানোর কাজ শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিচার করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। যাঁদের নাম পরবর্তীতে যাচাই হবে, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় সেই মতো প্রকাশ করা হবে। প্রাথমিক ভাবে ২৮ তারিখের তালিকায় সকলের নামই রাখবে কমিশন। কেবল আলাদা করে কাদের নাম যাচাই হওয়া বাকি, তা উল্লেখ করে দেওয়া হবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত সেই সংখ্যা ৬০ লক্ষ।

নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসিআই নেট অ্যাপে এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’।

Advertisement
আরও পড়ুন