Indranil Sen in Calcutta High Court

গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে সস্ত্রীক ইন্দ্রনীল! দুর্গাপুজো নিয়ে বেআইনি ব্যবসার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে

শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৭ জুন শুনানির সম্ভাবনা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৫৩
হাই কোর্টের দ্বারস্থ হলেন ইন্দ্রনীল সেন।

হাই কোর্টের দ্বারস্থ হলেন ইন্দ্রনীল সেন। — ফাইল চিত্র।

গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। বউবাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় এফআইআর হয়েছিল। সেই নিরিখে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন সঙ্গীতশিল্পী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন।

Advertisement

অভিযোগ, দুর্গাপুজো নিয়ে বেআইনি ভাবে ব্যবসা করেছিলেন ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেন জনৈক জয়দীপ মুখোপাধ্যায়। সেই অভিযোগেই এফআইআর রুজু করে বউবাজার থানার পুলিশ। শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৭ জুন শুনানির সম্ভাবনা।

জয়দীপের অভিযোগ, দুর্গাপুজোর নামে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়, যেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই কর্মসূচিকে এমন ভাবে প্রচার করা হয়েছে যাতে মনে হতে পারে এর সঙ্গে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে। কিন্তু অভিযোগকারীদের দাবি, ইউনেস্কো কোনও দিনই এ ধরনের বাণিজ্যিক চুক্তি বা অংশীদারিতে সম্মতি দেয়নি। তাঁদের বক্তব্য, ইউনেস্কোর পক্ষ থেকে প্রাপ্ত ই-মেল এবং সংশ্লিষ্ট আইনি নথিপত্র অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের বাণিজ্যিক ব্যবহারের কোনও অনুমোদনের উল্লেখ নেই। অভিযোগকারীরা আরও দাবি করেছেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নামে একটি বাণিজ্যিক মডেল তৈরি করে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে।

Advertisement
আরও পড়ুন