অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
এফআইআর দায়ের হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগও।
পুলিশ সূত্রে খবর, গত ৫ মে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব। তাঁর অভিযোগের ভিত্তিতে মোট ছয়টি ধারায় এফআইআর দায়ের হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী রাজীব আনন্দবাজার ডট কম-কে বলেন, “অভিষেক যে ভাষায় নির্বাচনী প্রচার করেছেন তার ফলে অরাজকতা তৈরি হতে পারত। তৃণমূলের প্রত্যাবর্তন হলে সাধারণ মানুষের উপরে আক্রমণ হতে পারত।” তাঁর দাবি, এই অভিযোগ কোনও মতেই উদ্দেশ্য প্রণোদিত নয়।
প্রসঙ্গত, রাজীব সমাজকর্মী। এর আগে বাগুইহাটিতে বার ও সেখানে নাচ-গান নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজীব। তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগও রয়েছে। তবে সেই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেন তিনি। তাঁর দাবি, সমাজ বদলের লড়াই করতে হলে এই সব অভিযোগ পেতেই হয়।