West Bengal Weather Update

সোমবার থেকে গোটা রাজ্যে চড়বে পারদ! গরমের জন্য সতর্কতা কয়েক জেলায়, পয়লা বৈশাখে ভিজতে পারে ১৬ জেলা

আগামী চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরে তিন দিন তাপমাত্রার সে ভাবে হেরফের হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৮:২০
কলকাতা-সহ গোটা রাজ্য়ে সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।

কলকাতা-সহ গোটা রাজ্য়ে সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। — ফাইল চিত্র।

বিক্ষিপ্ত কালবৈশাখীর জন্য চৈত্রের শেষভাগে তেমন গরম টের পেতে হয়নি রাজ্যবাসীকে। তবে এ বার ভোগাবে গরম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, চৈত্রের শেষ তিনটে দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাঁসফাঁস গরম পড়বে। গরম এবং অস্বস্তির কারণে ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ সারা রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে পয়লা বৈশাখে আবার উত্তরবঙ্গের আট জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

হাওয়া অফিস বলছে, শুষ্ক পশ্চিমী বাতাসের কারণে রাজ্যে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরে তিন দিন তাপমাত্রার সে ভাবে হেরফের হবে না। মঙ্গলবার সংক্রান্তির দিনে দক্ষিণবঙ্গের চার জেলা— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় গরম এবং অস্বস্তির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত ওই চার জেলায় হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমানে বুধবার থেকে শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। গরমের মধ্যেই পয়লা বৈশাখ, বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়লেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত আট জেলাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি।

Advertisement
আরও পড়ুন