Dumping Ground

হাওড়া পুরসভায় বিধায়কের উদ্যোগে তৈরি হচ্ছে ফুটবল মাঠ, সংলগ্ন রাস্তাতেই জমছে আবর্জনার স্তূপ

হাওড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের শশীভূষণ সরকার লেন। এখানকার মানুষ দীর্ঘ দিন ধরে কার্যত নরক যন্ত্রনায় ভুগছেন। বিধায়কের উদ্যোগে চামেলিয়া পার্কে যখন নতুন করে ফুটবল মাঠ তৈরি করা হচ্ছে তখন মাঠ লাগোয়া রাস্তাটিতে আবর্জনা জমে রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩২
বেহাল অবস্থা।

বেহাল অবস্থা। — নিজস্ব চিত্র।

এ যেন প্রদীপের নীচে অন্ধকার। এক দিকে তৈরি হচ্ছে ফুটবল মাঠ। আর সেই মাঠ সংলগ্ন রাস্তায় জমে রয়েছে আবর্জনার স্তুপ। ছড়াচ্ছে দূষণ। উত্তর হাওড়ার দশ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি এমনটাই।

Advertisement

হাওড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের শশীভূষণ সরকার লেন। এখানকার মানুষ দীর্ঘ দিন ধরে কার্যত নরক যন্ত্রনায় ভুগছেন। বিধায়কের উদ্যোগে চামেলিয়া পার্কে যখন নতুন করে ফুটবল মাঠ তৈরি করা হচ্ছে তখন মাঠ লাগোয়া রাস্তাটিতে আবর্জনা জমে রয়েছে। পাশে রেলের ফাঁকা জমিতেও জমছে আবর্জনা। এই এলাকাতেই রয়েছে একটি বিদ্যালয়।

স্থানীয়দের দাবি, হাওড়া পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। মাঝে মধ্যে ময়লা আবর্জনা রাস্তা থেকে নিয়ে রেলের জমির দিকে সরিয়ে দেওয়া হয়। আরও অভিযোগ, অনিয়মিত ভাবে ময়লা পরিষ্কার হয়। দিন দিন দূষণ বাড়ছেই। দুর্গন্ধে টিকে থাকা এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। আবর্জনায় আগুন লাগার ফলে ধোঁয়ায় ভরে যায় সমগ্র এলাকা। যার জেরে অনেকেরই শ্বাসকষ্ট হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা উমেশ রায় বলেন, ‘‘পুরসভার বেহাল পরিষেবাই এ বারে ভোটের ইস্যু হবে।’’ মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘পুরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি। ফলে সমস্যা হচ্ছে। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন