Bus Accident in Hooghly

ঘুমে চোখ বন্ধ চালকের! কুম্ভফেরত বাস উল্টে গেল জাতীয় সড়কে, হুগলির দাদপুরে আহত অন্তত ২৪

আহতদের উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং ডিএসপি প্রিয়ব্রত বক্সী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১১:৩০
accident

দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে। —নিজস্ব চিত্র।

কুম্ভফেরত বাস দুর্ঘটনার কবলে পড়ল হুগলির দাদপুর থানার সোমসারা এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে পাশের শুকনো নয়ানজুলিতে পড়ে অন্তত ৬০ জন পুণ্যার্থীবোঝাই বাসটি। রবিবার সকালে ওই দুর্ঘটনায় অন্তত ২৪ জন যাত্রী জখম হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement

বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং ডিএসপি প্রিয়ব্রত বক্সী। জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে কলকাতা যাচ্ছিল যাত্রিবাহী বাসটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, বাসচালক ঘুমিয়ে পড়ায় এই অঘটন। এ-ও জানা যাচ্ছে, ওই বাসটি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে কুম্ভে গিয়েছিল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আহতদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।

এর আগেও বাংলার বেশ কয়েকটি গাড়ি প্রয়াগরাজে যাওয়া এবং আসার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। কয়েক দিন আগে ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কয়েক জন বাসিন্দার।

Advertisement
আরও পড়ুন