Investment

১৫০০ কোটির বিনিয়োগ ইস্পাতে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

শিল্পে বিনিয়োগ টানতে গত কাল মুম্বইয়ে শিল্পপতি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৬:১৩
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পায়নে তৎপর হয়েছে নতুন সরকার। আজ নিউটাউন কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হোসিয়ারি শিল্পে ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক একটি প্রস্তাব রয়েছে। একই সঙ্গে, ইস্পাত শিল্পেও রাজ্যে আসতে পারে ১৫০০ কোটি টাকার বিনিয়োগ। সব ঠিকমতো চললে শীঘ্রই এর ঘোষণা হতে পারে।

অন্য দিকে শিল্পে বিনিয়োগ টানতে গত কাল মুম্বইয়ে শিল্পপতি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আজ দিল্লিতে তিনি বলেন, ‘‘বস্ত্র শিল্প, ইস্পাত শিল্প, পুনর্নবীকরণযোগ্য শিল্প, সেমিকন্ডাক্টর শিল্পে রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন অনেকে। তবে গোটাটাই এখনও আলোচনার স্তরে। অনুকূল পরিবেশ রচনায় শিল্পনীতি গঠনের কাজ চালু রয়েছে।’’ জানা গিয়েছে, গত কালের বৈঠকে শমীকের উদ্দেশে শিল্পপতিদের বার্তা, রাজ্যে বাণিজ্য সম্মেলন করা হবে। তাঁরা অবশ্যই রাজ্যে বিনিয়োগ করবেন।

শমীকের দাবি, তৃণমূল জমানায় প্রায় ৭৮ হাজার সংস্থা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। প্রায় ৩৬০০ সংস্থা সদর দফতর পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছে। যার ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতি পাল্টানোর কাজ শুরু হয়েছে বলে জানান শমীক। তাঁর বক্তব্য, ‘‘গত কালের বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মত বিনিময় হয়। ...সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

এ দিকে আজ দেশের রফতানি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। বৈঠকে পীযূষ রাজ্য সরকারগুলিকে ‘ভব্য শিল্প পার্ক প্রকল্পে’র পূর্ণ সদ্ব্যবহারের আহ্বান জানান। কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজ্যগুলির রফতানি ক্ষমতা আরও বাড়ানোর উপরেও জোর দিয়েছেন পীযূষ।

তাপস বলেন, ‘‘ভব্য প্রকল্পের আওতায় রাজ্য আজ দু’টি পরিকল্পনা জমা দিয়েছে। রাজ্যের দিকে যাতে কেন্দ্র বিশেষ নজর দেয় সে দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’’

আরও পড়ুন