(বাঁ দিকে) শমীক ভট্টাচার্য এবং কিরেন রিজিজু (ডান দিকে)। —ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি যাচাই প্রক্রিয়ায় সাড়ে তিন হাজারের বেশি সম্পত্তি বাতিল হয়েছে। সোমবার রাজ্যসভায় সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এমনই জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। রাজ্যের ওয়াকফ সম্পত্তির নথিভুক্তের সংখ্যা নিয়ে সোমবার রাজ্যসভায় একগুচ্ছ প্রশ্ন তোলেন শমীক। কেন্দ্রের ‘উমিদ’ নামে পোর্টালে রাজ্যের ওয়াকফ সম্পত্তি নথিভুক্তের হার এত কম কেন এবং তার নেপথ্যে কী কারণ আছে তা জানতে চান কেন্দ্রীয় মন্ত্রীর কাছে।
সোমবার রাজ্যসভায় শমীকের প্রশ্ন, রাজ্যে ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তির মধ্যে মাত্র ২৩ হাজার ৯১টি সম্পত্তি গত বছরের ৬ জুন ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা হলেও বাকি সম্পত্তি নথিভুক্ত করা হয়নি। এমনকি যাচাইয়ের সময় বহু সম্পত্তি বাতিল হয়েছে। এই ঘাটতি কী ভাবে হল এবং সরকারের নজরে তা পড়ল না কেন? পাশাপাশি, ‘উমিদ’ পোর্টালের সময়সীমা নিয়েও প্রশ্ন তুলেছেন শমীক। নির্ধারিত সময়ের মধ্যে যে ওয়াকফ সম্পত্তিগুলি আপলোড করা সম্ভব হয়নি, সেগুলির বর্তমান অবস্থা এবং আইনি বৈধতাও জানতে চান তিনি। এমনকি যে সম্পত্তিগুলি বাতিল হয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন শমীক।
এই প্রশ্নগুলির উত্তরে সোমবার রাজ্যসভায় কিরেন জানান, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের জন্য ‘উমিদ’ পোর্টাল চালু করেছিল। এই প্রক্রিয়ার জন্য ছ’মাস সময় দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ৬ ডিসেম্বর ছিল নথিভুক্তিকরণের শেষ দিন। মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, সংশোধিত আইন কার্যকর হওয়ার আগে সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য এবং নথি ছ’মাসের মধ্যে ওই পোর্টালে আপলোড করতে হবে। তবে উপযুক্ত কারণ দেখালে ওয়াকফ ট্রাইবুনাল এই সময়সীমা আরও ছ’মাস পর্যন্ত বাড়াতে পারে।
কিরেন আরও জানান, প্রাথমিক ছ’মাসের সময়সীমা গত বছর ৬ ডিসেম্বর শেষ হয় এবং রাত ১১টা ৫৯ মিনিটে পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়। এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের তরফে ২৩ হাজার ৯১টি ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে জমা পড়ে। এর মধ্যে ৭১৬টি সম্পত্তি যাচাইয়ের সময়ে অনুমোদিত হয়েছে এবং ১৬১টি সম্পত্তি বাতিল করা হয়েছে। ১৭ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৮৫ হাজার ১১০টি ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে ১৮ হাজার ৪৯৭টি সম্পত্তি যাচাই ও অনুমোদিত হয়েছে এবং ৩ হাজার ৫০৯টি সম্পত্তি যাচাইয়ের সময় বাতিল হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইবুনাল পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডকে সময়সীমা বৃদ্ধির অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গের জন্য ‘উমিদ’ পোর্টাল পুনরায় ছ’মাসের জন্য অর্থাৎ চলতি বছরের ২৪ জুন পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড, যাচাই এবং অনুমোদনের প্রক্রিয়াটি বর্তমানে চলছে। কিরেন আরও জানান, গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে মোট সংখ্যাটি জানা যাবে।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছিল, ৫ লক্ষ ১৭ হাজার ৪০টি ওয়াকফ সম্পত্তি পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টি সম্পত্তিতে অনুমোদন মিলেছে। সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশ থেকে (৯২,৮৩০টি)। এ ছাড়া, মহারাষ্ট্র থেকে ৬২,৯৩৯টি, কর্নাটক থেকে ৫৮,৩২৮টি এবং পশ্চিমবঙ্গ থেকে ২৩,০৮৬টি ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ওয়াকফ সংক্রান্ত ২ লক্ষ ১৩ হাজার ৯৪১টি সম্পত্তি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তথ্য যাচাইয়ের সময় বাতিল করে দেওয়া হয়েছে ১০ হাজার ৮৬৯টি আবেদন।