—প্রতিনিধিত্বমূলক ছবি।
কসবায় গাড়িতে তুলে এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। অভিযোগ মোতাবেক, শুক্রবার রাত ১১টা নাগাদ কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডে ঘটনাটি ঘটে। শনিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। তিনি মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তিন জনকে কালিকাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের অনুসন্ধান চলছে।
অভিযোগপত্রে তরুণী অভিযোগ করেছেন যে, শুক্রবার রাত ১১টা নাগাদ কালো রঙের একটি চারচাকা গাড়ি নিয়ে তার সামনে দাঁড়ায়। সেই গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে অপহরণ করে বলে জানিয়েছেন ওই যুবতী। তাঁর অভিযোগ, গাড়িতে শ্লীলতাহানি করে অভিযুক্তেরা।
মোট পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে দু’জনের নাম-সহ অভিযোগ দায়ের করেছেন যুবতী। আর তিন জন অজ্ঞাতপরিচয় যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, রবিবার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল কসবায়। সেই অভিযোগের ভিত্তিতে কসবা থানায় পকসো আইনে মামলা রুজু হয়। তদন্ত শুরুর দু’ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত বছর এই কসবাতেই এক আইন কলেজে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই মামলায় নাম জড়িয়েছিল ওই কলেজেরই ছাত্রনেতা (তথা অস্থায়ী কর্মী)-সহ চার জনের। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্য়েই আদালতে চার্জগঠনও হয়েছে। এই কসবাতেই বছর দুয়েক আগে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।